বক্তব্য প্রত্যাহার না করলে র্যাপকে অবাঞ্ছিত ঘোষণার দাবি
যুদ্ধাপরাধের বিচার নিয়ে বক্তব্য প্রত্যাহার না করলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূত স্টিফেন জে র্যাপের বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
জামায়াতে ইসলামীর অর্থের বিনিময়ে দলটিকে রক্ষা করতে তিনি লবিস্ট হিসেবে কাজ করছেন বলেও অভিযোগ ইমরানের।
সম্প্রতি বাংলাদেশে এসে যুদ্ধাপরাধের বিচারে দল নয়, ব্যক্তির অপরাধের দিকে নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন র্যাপ।
তার ওই বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার শাহবাগে এক সমাবেশে মার্কিনিদের ‘গণহত্যার দোসর ও গণহত্যাকারী’ হিসাবে আখ্যা দেন ইমরান এইচ সরকার।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা এই গণহত্যাকারীদের পক্ষ অবলম্বন করবেন না। এদের রুখে দিন।
“র্যাপ যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার না করা হলে তাকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হোক। এমন ব্যবস্থা নেয়া হোক যাতে তিনি ভবিষ্যতে বাংলাদেশে আর না আসতে পারেন।”
গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব প্রত্যেক দেশের যুদ্ধাপরাধ ও গণহত্যার শিকার মানুষের পাশে দাঁড়ানো।
“অথচ বাংলাদেশে এসে তিনি এদেশের গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছেন। এর মাধ্যমে স্পষ্ট, ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার পক্ষে যে মার্কিন অবস্থান ছিল, তা আজো বহাল আছে।”
ফাইল ছবি
মার্কিনিরা ইরাকের জঙ্গিদের ও ইসরায়েলকে অস্ত্র দিয়ে, সিরিয়ায় আল-কায়েদাকে ভিন্ন নামে মাঠে নামিয়ে মানুষ হত্যায় সহায়তা করছে বলেও অভিযোগ করেন তিনি।
ইমরান বলেন, “আমি মনে করি সিরিয়া, ইরাক, আফগানিস্তান, প্যালেস্টাইনে মার্কিনিরা যেভাবে গণহত্যা চালাচ্ছে তাতে সময় এসেছে তাদের বিচার করার। যেভাবে নাৎসি বাহিনীর বিচার করা হয়েছে, নাজি পার্টির বিচার করা হয়েছে সেভাবে তাদেরও বিচার করা উচিৎ।
“সারা বিশ্ব জুড়ে এভাবে গণহত্যা চালিয়ে যাবে আর মানবতাবাদীরা তাকিয়ে-তাকিয়ে দেখবে, এটা ভাবলে তারা ভুল করবে। এই ভুল নাৎসি বাহিনী করেছিল, হিটলার করেছিল। হিটলার মনে করেছিল, তার বিচার করার কোনো শক্তি পৃথিবীতে নেই।”
যুদ্ধাপরাধের বিচার ত্বরাণ্বিত করার দাবি জানিয়ে ইমরান বলেন, “যুদ্ধাপরাধীদের একের পর এক রায় ঝুলে যাচ্ছে। যারা যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য ঢাকা শহরে এসে তাণ্ডব চালিয়েছে তাদের বন্ধু বানানো হচ্ছে। জমি দেয়া হচ্ছে।
“অথচ বেতনের দাবিতে আন্দোলন করা গার্মেন্ট শ্রমিকদের নির্যাতন করা হচ্ছে। আমাদের সব প্র্রতিষ্ঠানকে একে-একে ধ্বংসের যে নীলনকশা পাকিস্তানের লবিস্টরা করছে, ক্ষমতায় থাকতে বা যেতে সেই ফাঁদে আমাদের রাজনীতিকরা পা দিচ্ছে।”
সমাবেশে অন্যদের মধ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার, জীবনানন্দ জয়ন্ত প্রমুখ বক্তব্য রাখেন।
