দল নয়, ব্যক্তির বিচার করুন: র্যাপ
চলমান যুদ্ধাপরাধের বিচারে দল নয়, ব্যক্তির অপরাধের দিকে নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের যুদ্ধপরাধ বিষয়ক বিশেষ দূত স্টিফেন জে র্যাপ।
২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর ঢাকায় পঞ্চম সফর শেষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের জন্য দল নয়, ব্যক্তি দায়ী।
“কিছু ব্যক্তি ওই সব সিদ্ধান্ত নিয়েছে এবং ওই সব অপরাধ সংঘটনের জন্য অন্যদের সংগঠিত করেছে। তাই এই বিচারের ক্ষেত্রে দল নয়, ব্যক্তির বিচার হওয়া গুরুত্বপূর্ণ।”
সিয়েরা লিওনে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর র্যাপের মতে, ভবিষ্যতে শান্তি ও সমঝোতার জন্য দল নয়, ব্যক্তির বিচার করা ‘প্রয়োজন’।
গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন মহল থেকে যখন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াতে ইসলামীর বিচারের দাবি তোলা হচ্ছে সে সময় এ মন্তব্য করলেন র্যাপ, যিনি এর আগে ২০১১ সালে যুদ্ধাপরাধের বিচার নিয়ে সরকারের কাছে ১০ পৃষ্ঠার সুপারিশ করেছিলেন।
বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার চলাকালে শীর্ষ নেতাদের রক্ষায় বেশ কয়েক জোরেসোরে মাঠে নামে জামায়াত। একাত্তরে পাকিস্তান জামায়াতের শাখা হিসেবে কাজ করে দলটি।
মুক্তিযুদ্ধ চলাকালে জামায়াতের আমির গোলাম আযমকে মানবতাবিরোধী অপরাধে ৯০ বছরের সাজা দেয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর পর্যবেক্ষণে দলটিকে ‘অপরাধী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করা হয়।
অবশ্য আইনমন্ত্রী আনিসুল হক এরই মধ্যে বলেছেন, বর্তমানের আইনে জামায়াতের বিচার করা যাবে না।
তার ওই বক্তব্যের কড়া সমালোচনা করে গণজাগরণ মঞ্চ, যুদ্ধারপাধে সর্বোচ্চ শাস্তির দাবিতে যারা আন্দোলন করে আসছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায়ও আইনমন্ত্রীর ওই বক্তব্যের আভাস এসেছে।
স্টিফেন জে র্যাপ বলেন, শুধু ব্যক্তিকে জবাবদিহির আওতায় এনে সমাজে সমঝোতা সম্ভব। ন্যুরেমবার্গ ট্রায়ালেও কয়েকটি সংগঠনকে ‘অপরাধী’ ঘোষণা করা হলেও সেগুলোর দণ্ড হয়নি। ওই সব সংগঠনের নেতাদের দণ্ডিত করা হয়েছে।
“ব্যক্তিরা ওই সিদ্ধান্ত নিয়েছে, সংগঠন নয় এবং এর প্রতি নজর দেয়া উচিত,” বলেন তিনি।
তিনি বলেন, অপরাধ সংঘটনকারী ব্যক্তিদের বিচার করলে তাতে অন্যরা সমাজে অন্তর্ভুক্ত হওয়ার এবং অপরাধী নেতৃত্বকে বর্জনের সুযোগ পায়।
এটা সমাজে শান্তি ও বিরোধ মিটিয়ে ফেলতে সহায়তা করে বলে মন্তব্য করেন তিনি।
এদিনও মৃত্যুদণ্ডের বিপক্ষে নিজের অবস্থান পুর্নব্যক্ত করেন র্যাপ।
এর আগে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন র্যাপ।
যুদ্ধাপরাধের বিচারে সমর্থন জানানোর জন্য মন্ত্রী যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এক্ষেত্রে দেশটির আরো জোরালো সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।
রাষ্ট্রদূত র্যাপ বলেন, তিনি বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমালোচনা করতে আসেননি, বরং এই আদালত যেন আন্তর্জাতিক ক্ষেত্রে একটি মডেল হতে পারে তাতে সহায়তা করতে চান।
পররাষ্ট্র মন্ত্রী ন্যুরেমবার্গ ট্রায়ালসহ অন্যান্য আন্তর্জাতিক আদালতের প্রসঙ্গ তুলে ধরে বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি দেশীয় আদালত হলেও তা আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সব সময় সচেষ্ট রয়েছে।
