২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট আলোচনায় মন্ত্রীরা না থাকায় সুরঞ্জিতের ক্ষোভ

বাজেট নিয়ে সাধারণ আলোচনার সময় জাতীয় সংসদে অর্থমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পরিকল্পনামন্ত্রী না থাকায় ক্ষোভপ্রকাশ করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 02:30 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “বাজেট সেশন চলছে, আর অর্থমন্ত্রী নেই। খবর নিয়ে দেখলাম তিনি জেদ্দায় গেছেন। ইসলামী ডেভলপমেন্ট ব্যাংকে। উনি কেন গেলেন? বাজেট দিয়ে কোনো অর্থমন্ত্রী এভাবে বিদেশ যেতে পারেন? আমার জানা নাই।

“একজন প্রতিমন্ত্রী নাকি বানাইছেন, সেইডাও নাই, প্ল্যানিং মিনিস্টারও নেই। আপনি হ্যামলেট করবেন আর প্রিন্স অব ডেনমার্ক থাকবে না সেটা হবে না। নায়ক না থাকলে হবে?”

অর্থমন্ত্রী না থাকার বিষয়টি স্পিকারের দৃষ্টিতে এনে সুরঞ্জিত বলেন, “খবর নিলাম ২৩ তারিখে গেছে ২৬ তারিখ আসবে। পারলে তাড়াতাড়ি আনেন। আপনি (স্পিকার) প্রধানমন্ত্রীকে বলতে পারেন।”

অর্থমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, “আপনি জাতীয় সংসদকে আন্ডারমাইন করেন, ভেবে দেখবেন সংসদ যদি বাজেট পাস না করে তবে এক টাকাও খরচ করতে পারবেন না। সার্বভৌম সংসদের প্রতি সম্মান দেখান।”

বাংলাদেশের রাজনীতি নিয়ে উন্নয়ন সহযোগী ও পশ্চিমা দেশগুলোর পরামর্শের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, “ডোনাররা ইনক্লুসিভ রাজনীতির কথা বলছে। আমরা করি নাই? সংলাপের জন্য ডাকি নাই? উনি (খালেদা জিয়া) বললেন হরতাল করবো। তাদের জর্জ ওয়াশিংটন, স্বাধীনতার ঘোষণা নিয়ে কেউ কথা বলে? এটা তাদের ইনক্লুসিভনেস। এখানে (বাংলাদেশ) জাতির পিতা নিয়ে প্রশ্ন তোলে।

“চীনে উন্নয়ন হয় নাই? সিঙ্গাপুর-মালয়েশিয়ায় হয় নাই? ওদের ইনক্লুসিভনেস নিয়ে হয়েছে। আমাদেরটাও হবে। দুয়েকটা হরতাল হবে বাজেট বাস্তবায়নও হবে।”

খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, “আমেরিকায় পরপর দুইবার ডেমোক্রেটরা আসে নাই? উনি (খালেদা) আসেন নাই, সিট কি খালি আছে? আপনার ভুলের মাশুল আপনাকেই দিতে হবে।

“বলেন আপনি, স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলবেন না। সংবিধান মানবেন। বলেন ভুল হয়েছে, সংসদে সিট চাই। আমাদের নেত্রী উদার আছেন। আওয়ামী লীগের সিট ছেড়ে আপনাকে নিয়ে আসবে।

তিনি আরো বলেন, “উনার সঙ্গে আরেক পণ্ডিত জুটছে ড. কামাল। বলে কেয়ারটেকার চাই। মোদির ভিসা নিয়ে ম্যাডাম ক্লিনটন বলছেন দ্যাট ওয়াজ ম্যাটার অব পাস্ট। আমরাও বলতে চাই কেয়ারটেকার ম্যাটার অব পাস্ট।”

সুশাসনকে সরকারের প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির এই সভাপতি বলেন, “সুশাসন চাচ্ছেন আর আইন মন্ত্রণালয়ে বরাদ্দ দিছেন কম। আইনের শাসন চান বরাদ্দ দিবেন কম, এটা হয় না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বেশি দিয়েছেন, ভালো। কিন্তু পুলিশ ধরে কার কাছে নিয়ে আসবে?”

অর্থমন্ত্রীকে বিনিয়োগের পরিবেশ তৈরির করার আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, “আপনি প্রতিবছর পিপিপিতে (সরকারি-বেসরকারি অংশীদারিত্ব) টাকা রাখেন। কি হয় ওইডা দিয়ে? পিপিপি আইন করছেন? আমরা চাই না টাকা বিদেশে পাচার হোক। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনেন।”  

সংখ্যলঘুদের ক্ষমতায়নের দাবি করে সুরঞ্জিত বলেন, “আপনি ব্রিজ-রাস্তা করবেন। কিন্তু সেখানে হাঁটতেই পারছি না, নিরাপত্তা নেই। এটা হয় না। যুদ্ধ করলাম দ্বিতীয় শ্রেণির নাগরিক থাকবো না বলে না, এখনও থাকতে চাই না। আর্মি-সিভিল সব খানে সংখ্যালঘুদের চাকরি দেন। মিডিয়া দেন, ব্যাংক দেন।”