২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘একনায়ক বলায় হতাশা কাটলেও লাভ হবে না’

রাজনৈতিক হতাশা থেকে বিএনপি নেতারা সরকারকে ‘অবৈধ’ বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 08:06 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন,  “বিএনপির নেতৃবৃন্দ বারবার এ সরকারকে অবৈধ বলছেন। মির্জা ফখরুল সাহেবও সেদিন নানা কথা বললেন।

“আসলে তাদের এই কথাগুলো হতাশা থেকে উৎসারিত। বিএনপি রাজনৈতিকভাবে হতাশ হওয়ার কারণেই এই ধরনের মন্তব্য করে যাচ্ছে।”

বাজেটের সমালোচনা উর্দিপরাদের মানায় না- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের বক্তব্যের প্রতিক্রিয়ায় গত ৯ জুন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে এখন উর্দিবিহীন একনায়কতন্ত্র চলছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তার আগে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণার প্রাক্কালে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল সরকার ও সংসদকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বাজেটকেও ‘অবৈধ’ ও ‘অনৈতিক’ বলে মন্তব্য করেছিলেন।

এ প্রসঙ্গ টেনে হানিফ বলেন, “বিএনপির জন্মই অবৈধভাবে। তাই কাউকে অবৈধ বলার অধিকার তাদের নেই। সরকারকে অবৈধ, একনায়ক বললে তাদের হতাশা হয়তো কাটবে, কিন্ত তাতে লাভ হবে না। শেষ বিচারে তা তাদের রাজনীতিতে ইতিবাচক কোন ফল বয়ে আনবে না।”

বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অভিযোগ তুলে আওয়ামী লীগ নেতা হানিফ বলেন, “ষড়যন্ত্র থেমে নেই। বিএনপি নেত্রী ষড়যন্ত্র করার জন্য সিঙ্গাপুরে যেতে চেয়েছিলেন। কিন্তু জনগণ সে বিষয়ে আগেই বুঝতে পারায় তিনি তার সফর বাতিলে বাধ্য হন।”

মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বিএনপি চেয়ারপার্সনের বড় ছেলে তারেক রহমানকে দিয়ে ‘কথা বলাচ্ছে’ বলেও দাবি তার।

চলচ্চিত্রকার বাদল রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় অন্যদের মধ্যে বঙ্গবন্ধূ সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিম, পীযুষ বন্দ্যোপাধ্যায়, অরুন সরকার রানা প্রমুখ উপস্থিত ছিলেন।