নাটোরে বিএনপিকর্মীর হাত কেটেছে দুর্বৃত্তরা
নাটোরের সিংড়া উপজেলায় এক বিএনপিকর্মীর ডানহাত কেটে নিয়েছে দুর্বৃত্তরা।
রোববার রাতে নাছিয়ারকান্দি গ্রামে এ হামলায় আহত মোহাম্মদ আলী মোল্লাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সিংড়ার কলম গ্রামের ওয়াজেদ আলী জানান, কলম ইউনিয়নে আগামী ২৭মে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন কালিনগর গ্রামের বিএনপিকর্মী মোহাম্মদ আলী মোল্লা।
রোববার রাতে মোহাম্মদ আলী নাছিয়ারকান্দি এলাকায় প্রচারণা চালানোর এক পর্যায়ে রাত ২টার দিকে কয়েকজন যুবক তাকে ধরে কালিনগর গ্রামে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মইনুল হক ওরফে চুনুর বাড়ির পাশের পাকা রাস্তায় নিয়ে যায়। সেখানে তারা ধারালো অস্ত্র দিয়ে মোহাম্মদ আলীর ডান হাতের কুনই পর্যন্ত কেটে নেয়।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা কাটা হাতসহ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
বিষয়টি সিংড়া থানাকে মৌখিকভাবে জানানো হয়েছে বলেও জানান ওয়াজেদ আলী।
এ ব্যাপারে আওয়ামী লীগ সমর্থীত চেয়ারম্যান পদপ্রার্থী মইনুল হকের ভাতিজা আসাদুল ইসলাম বলেন, কে বা কারা তার হাত কেটে নিয়েছে তা তাদের জানা নেই।
