এরশাদের কবিত্ব নিয়ে হাসিনা
বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য্যর প্রশংসা করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রকৃতির প্রভাবে সামরিক স্বৈরশাসকও কবি হয়ে যান।
ঢাকায় বৃহস্পতিবার সার্ক সাহিত্য উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, “অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য়ের দেশ এই বাংলাদেশ। এখানে কেউ কবি না হলেও কবি হয়ে যায়। লেখক না হলেও লেখক হয়ে যায়।”
তিনি আরো বলেন, “আমাদের দেশে কোন ছাত্রছাত্রী নাই, যারা তার ছাত্র জীবনে এক লাইন হলেও কবিতা না লিখেছে। কবিতার প্রভাব এত বেশি, কোন এক মিলিটারি ডিক্টেটরও কবি হয়ে যান। তিনিও কবিতা লিখে ফেলেন।”
ফাইল ছবি
বাংলাদেশের সাবেক সামরিক শাসক প্রয়াত জেনারেল জিয়াউর রহমান ও জেনারেল হুসেইন মুহাম্মাদ এরশাদের মধ্যে শেষেরজনের কবিখ্যাতি রয়েছে।
জেনারেল এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত।
এরশাদের রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল শুভ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ পর্যন্ত এরশাদের ১১ টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
এরশাদের প্রকাশিত কবিতাগুলোর মধ্যে কণক প্রদীপ জ্বালো, কারাগারের নি:সঙ্গ দিনগুলো, জীবন ও সন্ধ্যা তারা, এক পৃথিবী আগামী দিনের জন্য, নবান্নে সুখের ঘ্রান, ইতিহাসের মাটির ঢেলা চিত্র এবং কবিতা সমগ্রের নাম স্মরন করতে পারলেন সুনীল।
এবারের ২১শের বই মেলায় তার কোন কবিতার বই বেরিয়েছে কি না জানতে চাইলে সুনীল বলেন, “নতুন কোন বই বেরোয়নি। পুরোনোগুলোই চলছে।”
জাতীয় পার্টির এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে বলেন, “নানান টেনশনের কারনে আজকাল স্যারের কাব্যচর্চায় ব্যাঘাত ঘটছে।”
