২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের নিবন্ধন: রায় হাতে পেয়েছে ইসি

জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ করে দেয়া হাই কোর্টের পূর্ণাঙ্গ রায় হাতে পেয়েছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 11:44 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বুধবার একথা জানিয়ে সাংবাদিকদের বলেছেন, পূর্ণাঙ্গ রায় এখনো তা দেখে উঠতে পারেননি।

জামায়াতকে দেয়া নিবন্ধন বাতিল করে আদালতের রায় বাস্তবায়নের কথা বলে আসছিল ইসি। 

সিইসি বলেন, “জামায়াতের বিষয়ে আমাদের অবস্থান আগেই বলেছি।”

রায় মেনে নিবন্ধন বাতিল হলে আগামী নির্বাচনে বিএনপির জোটসঙ্গী এই দলটি অংশ নিতে পারবে না।

রায় বাস্তবায়নের পদক্ষেপ জানতে চাইলে কাজী রকিব বলেন, “রায় বেশ মোটা (১৫৮ পৃষ্ঠা), এখনো দেখতে পারিনি। দেখতে হবে, দেখেই সিদ্ধান্ত নেব।”

রায়ের পর্যবেক্ষণও দেখা হবে জানিয়ে তিনি বলেন, “রায়ে আমাদের ওপর কিছু ডিরেক্টিভ থাকে। সেটা আমরা এখনো দেখিনি, পরীক্ষা করা হচ্ছে।”

ইসি কর্মকর্তারা জানান, নিবন্ধন বাতিলের বিষয়ে জামায়াতকে লিখিতভাবে জনাবে ইসি। কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হলেই নিবন্ধন বাতিলের বিষয়ে গেজেটও প্রকাশ করতে হতে পারে।

গত ১ অগাস্ট আদালত সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় জামায়াতের নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেয়।

গত শনিবার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এতে দেখা গেছে,  পাঁচ বছর আগে জামায়াতকে কর্তৃত্ব বহির্ভূতভাবে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছিল।

নিবন্ধন পাওয়ার পথে বিএনএফ

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ নিবন্ধনের শর্ত পূরণ করেছে বলে সিইসি জানান, যে দলটিকে নিয়ে আপত্তি জানিয়ে আসছে বিএনপি।

জিয়াউর রহমানের ঘোষিত কর্মসূচি অনুসরণের দাবিদার বিএনএফ তাদের প্রতীক হিসেবে টেলিভিশন এবং টেলিভিশনের মাঝখানে জাতীয় পতাকা ও স্মৃতিসৌধ সম্বলিত দলীয় লোগো ইসিতে উপস্থাপন করেছে।

সিইসি বলেন, “এ দলের বিষয়ে কোনো আপত্তি রয়েছে কি না, সে বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। আপত্তি এনে তা শুনানি করে নিবন্ধন দেয়া-না দেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”

পুরনো খবর:

জামায়াতকে নিবন্ধন দেয়া ‘কর্তৃত্ব বহির্ভূত’ ছিল