২৫ অক্টোবর জনসভা করবই: বিএনপি
যে কোনো মূল্যে ২৫ অক্টোবর জনসভা করার ঘোষণা দিয়ে তাতে বাধা না দিতে সরকারকে হুঁশিয়ার করেছে বিএনপি।
নির্বাচনের দিন গণনার শুরুতে বিএনপির এই জনসভা এবং সেদিন রাজপথে আওয়ামী লীগের অবস্থান নেয়ার ঘোষণায় দেশের মানুষের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।
বিএনপির জনসভায় খালেদা জিয়ার অংশ নেয়ার কথা রয়েছে। ওই জনসভায় বাধা মোকাবেলায় সশস্ত্র প্রস্তুতি নেয়ার জন্যও ইতোমধ্যে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা।
বিএনপি ২৫ অক্টোবর সমাবেশের ঘোষণা দিলেও মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, কোনো সহিংস সমাবেশের অনুমতি দেয়া হবে না।
বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “সারাদেশ থেকে জনগণ পদাতিক বাহিনীর মতো ঢাকার জনসভায় যোগ দিতে প্রস্তুত হয়ে আছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জায়গার জন্য অনুমতি চেয়ে চিঠি দিয়েছি, এখনো জায়গা ঠিক হয়নি। তবে আগামী ২৫ জানুয়ারির জনসভা হবেই।”
“আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, সেদিন নিরস্ত্র পদাতিক বাহিনীর জনগণকে যদি সরকার বাধা দেয়, তাহলে তারা গোলন্দাজ বাহিনীতে পরিণত হবে এবং এর সমুচিত জবাব দেবে।”
সোহরাওয়ার্দী উদ্যান, পল্টন ময়দান ও নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক জনসভার জন্য চেয়ে ইতোমধ্যে পুলিশের কাছে চিঠি দিয়েছে বিএনপি। তবে এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশ কোনো সিদ্ধান্ত জানায়নি।
রিজভী বলেন, “নির্দলীয় সরকারের দাবিকে সরকার তার অনুগত আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য দিয়ে দাবিয়ে রাখতে চায়। আমরা তাদের বলে দিতে চাই, কোনো ষড়যন্ত্র কাজ হবে না। গণঅভ্যুত্থানে জনগণ এই দাবি প্রতিষ্ঠা করবেই।”
সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে এখন সংসদের মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে আগামী সংসদ নির্বাচন হবে। এই সময়ে সরকারে থাকবে আওয়ামী লীগ; সংসদও বহাল থাকবে।
দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে বিএনপি নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসছে। তবে সরকারি দল সেই দাবি প্রত্যাখ্যান করে সংবিধান অনুসরণ করেই নির্বাচনের কথা বলছে।
দুই দলের পাল্টাপাল্টি অবস্থান এবং প্রস্তুতিতে নির্বাচনের দিন গণনা শুরুর দিন ২৫ অক্টোবর নিয়ে জনগণের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
২৫ অক্টোবরকে সামনে রেখে সরকার রাজধানীসহ সারাদেশে বিরোধী নেতা-কর্মীদের হয়রানি করছে বলেও অভিযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব।
“গতরাতে ঢাকার সাবেক মেয়র মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেনসহ নেতাদের বাসায় বাসায় পুলিশ হানা দিয়েছে। ভয়ভীতি সৃষ্টির জন্য পুলিশ এসব অপকর্ম করছে।”
ফাইল ছবি
তিনি অর্থমন্ত্রীর সমালোচনা করে বলেন, “এই অর্থমন্ত্রীর আমলেই দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অর্থ লোপাট, পদ্মা সেতু কেলেঙ্কারিসহ পাহাড়সম দুর্নীতির ঘটনা ঘটেছে। এখন তিনি প্রভুর মনোরঞ্জনের জন্য নানা মিথ্যাচার করছেন।
“এই অর্থমন্ত্রী সম্পর্কে দেশের মানুষ ভালোভাবেই জানে। যিনি (অর্থমন্ত্রী) বার বার জার্সি, রাজনৈতিক কাপড় বদল করেছেন, এক ফুল থেকে অন্য ফুলে বার বার উড়ে বেড়িয়েছেন, প্রভু বদল করেছেন।”
নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন, যুব দলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদও ছিলেন।
