২৫ অক্টোবর ঢাকায় সমাবেশের পরিকল্পনা বিএনপির
রাজনৈতিক অঙ্গনে এই সময়ে আলোচিত দিন আগামী ২৫ অক্টোবর ঢাকায় জনসভার পরিকল্পনা করেছে বিএনপি, যাতে খালেদা জিয়া বক্তব্য রাখবেন।
সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে এখন সংসদের মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে আগামী সংসদ নির্বাচন হবে। এই সময়ে সরকারে থাকে আওয়ামী লীগ এবং সংসদও বহাল থাকবে।
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি আগামী ২৫ অক্টোবর থেকে সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিয়েছে।
এর পাল্টায় সরকারি দলের নেতাদের বক্তব্যে ২৫ অক্টোবর নিয়ে রাজনৈতিক অঙ্গনে সংঘাতের আশঙ্কার মধ্যে সেদিন ঢাকায় জনসভার অনুমতি চেয়ে বৃহস্পতিবার পুলিশের কাছে আবেদন করেছে বিএনপি।
ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (বুধবার) মহানগর পুলিশ কমিশনার বরাবর জনসভার জন্য আমরা আবেদন জমা দিয়েছি।”
জনসভার জন্য তিনটি স্থান সোহরাওয়ার্দী উদ্যান, পল্টন ময়দান অথবা নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনের জায়গা চেয়ে এই আবেদন করেছে প্রধান বিরোধী দল।
সালাম বলেন, “এই জনসভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখবেন।”
বিএনপি গত এক বছরে এর আগে কয়েকবার জনসভার আবেদন জানিয়েও অনুমতি পায়নি। এজন্য সরকারের সমালোচনাও করে আসছে তারা।
নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে জনমত গঠনে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দেশের বিভিন্ন স্থানে জনসভা করছেন। তার অংশ হিসেবে আগামী ২২ অক্টোবর বরিশালে জনসভা করবেন তিনি।
এসব জনসভায় ২৪ অক্টোবরের পর দেশ অচল করে দেয়ার হুমকি দেন বিএনপি চেয়ারপারসন।
এই হুমকির জবাবে জবাবে সংসদের চলতি অধিবেশন ২৪ অক্টোবরের পরও চালিয়ে যেতে বুধবার সংসদে দাবি তোলেন সরকারি দলের জ্যেষ্ঠ তিন সংসদ সদস্য তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও মতিয়া চৌধুরী।
নির্বাচনের সময় সংসদের অধিবেশন বসার সুযোগ না থাকায় মনে করা হচ্ছে, চলতি ১৯তম অধিবেশনই নবম সংসদের শেষ অধিবেশন, যা ২৪ অক্টোবর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়েছে।
আওয়ামী লীগের দায়িত্ব পালনের এই সময়টির সরকারকে ‘অন্তর্বর্তী’ সরকার বলছেন ক্ষমতাসীন দলের নেতারা।
বিএনপি দাবি করেছে, সংসদের ‘শেষ’ অধিবেশনে নির্দলীয় সরকারের বিল এনে তা পাস করতে হবে। নইলে ভোটকেন্দ্রভিত্তিক সংগ্রাম পরিষদ গঠন করে নির্বাচন প্রতিহত করা হবে।
বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে তোফায়েল বুধবার সংসদ বলেন,“২৪ অক্টোবরের পরও সংসদ বসতে পারে। কারণ সংসদের মেয়াদ ২৪ অক্টোবর শেষ নয়।”
“কথায় কথায় বলেন, ২৫ অক্টোবর থেকে আন্দোলন সংগ্রাম করবেন। এটা বলতেই পারেন। তাই বলে সংগ্রাম পরিষদ গঠন করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে হবে?”
সংসদে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “উনি (খালেদা জিয়া) কোথায় পেলেন ২৪ তারিখ? কতদিন সংসদ চলবে সেটা ঠিক করার দায়িত্ব স্পিকারের। ২৪ তারিখ কোনো ‘রেড লেটার ডে’ না। ২৪ অক্টোবরের পরে সংসদ চলায় কোনো বাধা নেই।”
গিয়াস কামালের পাশে ফখরুল
ধানমণ্ডির মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীকে দেখে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কয়েকদিন আগে গুরুতর অসুস্থাবস্থায় গিয়াস কামাল চৌধুরীকে এই হাসপাতালে ভর্তি করার পর থেকে আইসিইউতে রয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিকসহ বাধ্যর্কজনিত নানা জটিলতায় ভুগছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক এই সভাপতি।
হাসপাতালে মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকাও যান। তারা গিয়াস কামালের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার খোঁজ-খবর নেন।
