২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতাদের চা খাওয়াতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতাকর্মীরা নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের বাইরে বিক্ষোভ করতে এলে তাদের ডেকে চা খাওয়াতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লাবলু আনসার. নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2013, 04:48 PM

Updated : 25 Apr 2022, 07:18 PM

জাতিসংঘে বাংলাদেশের  রাষ্ট্রদূত  এ কে এ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিএনপি বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে  বিক্ষোভ করবে বলে শোনা গিয়েছিল। এ কথা জেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির নেতা-কর্মীদের চায়ে আপ্যায়িত করতে চেয়েছিলেন।

“এজন্য তিনি  ব্যক্তিগত সচিবকে নির্দেশ দিয়েছিলেন যে হোটেলের নিচে রাস্তার পাশে বিএনপির লোকজন বিক্ষোভ করতে এলেই যেন তাদের হোটেল কক্ষে ডেকে আনা হয়। প্রধানমন্ত্রী তাদের চা পান করাবেন এবং তাদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করবেন। কিন্তু বিএনপির কেউ আসেননি।”

যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফর প্রতিহত করার ঘোষণা দেয়া হলেও ২৩ সেপ্টেম্বর সকালে জন এফ কেনেডি বিমানবন্দরের বাইরে বিক্ষোভ  ছাড়া তাদের তেমন কোনো কর্মসূচি দেখা যায়নি।

অবশ্য বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর হোটেলের সামনে  ‘বাংলাদেশ প্রগ্রেসিভ ফোরাম’ নামের একটি সংগঠনের ব্যানারে শ’খানেক প্রবাসী বিক্ষোভ করেন। তাদের মধ্যে তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আকতার হোসেন বাদল, শহীদুল্লাহ কায়সার, মাহবুবুর রহমান, সাফায়েত হোসেন উপস্থিত ছিলেন।

ওই বিক্ষোভে অংশগ্রহণকারীরা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত গোলাম আজম, সাঈদীসহ কারাবন্দি জামায়াত নেতার মুক্তির দাবিতে শ্লোগান দেন। এ সময়  শেখ হাসিনার পদত্যাগ  এবং  খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিও জানান তারা।

দুই বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা সফরে গেলে টরন্টোয় বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। সে সময় প্রধানমন্ত্রী তাদের ডেকে চা দিয়ে আপ্যায়ন করেন এবং তাদের দাবির কথা শোনেন।