২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবি নেতাকে শেখ হাসিনার টেলিফোন

সিলেটে হামলার ঘটনায় সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য মনজুরুল আহসান খানকে টেলিফোন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 01:34 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

রোববারের ওই হামলায় জড়িত ছাত্রলীগকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস শেখ হাসিনা দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সিপিবি নেতা।

সিলেটে রোববার জনসভায় ছাত্রলীগের হামলায় আহত হন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। এনিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

হামলার জন্য দুঃখ প্রকাশ করে ছাত্রলীগ সংগঠনের সিলেট জেলা কমিটি বাতিল করেছে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা হামলার জন্য দায়ী ছাত্রলীগ নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর মনজুরুল আহসান মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি বলেছেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে আমি ছাড়ব না’।

“আমি বলেছি, ঘরের শত্রু বিভীষণ। উনিও বলেছেন,‘ দলে অনেক খারাপ লোক ঢুকে গেছে’।”

ওই ঘটনার সঙ্গে সঙ্গে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করার ঘটনাও শেখ হাসিনা সিপিবি নেতাকে বলেন।

সহযোগী সংগঠনের আচরণের জন্য আওয়ামী লীগ সভানেত্রী দুঃখ প্রকাশ করেছেন কি না- জানতে চাইলে ক্ষমতাসীন দলটির এক সময়ের রাজনৈতিক মিত্র সিপিবির নেতা মনজুরুল আহসান খান সরাসরি  উত্তর না দিয়ে বলেন, “দেখুন, আমাদের মধ্যে রিলেশনটা ওই রকম ফরমাল না।

“অনেকেই আমাকে ফোন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ফোন করেছে।”

Image
সিলেটে সিপিবি-বাসদের জনসভা মঞ্চে ‘ছাত্রলীগকর্মীদের’ হামলা।

সিলেটে সিপিবি-বাসদের জনসভা মঞ্চে ‘ছাত্রলীগকর্মীদের’ হামলা।

জনসভায় হামলার প্রতিবাদে সোমবার সিলেটে সিপিবি-বাসদের ডাকা হরতালে বিএনপি সমর্থন দেয়।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে মনজুরুল আহসান জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে মুজাহিদুল ইসলাম সেলিমের কথা হয়েছে কি না – জানতে চাইলে তিনি বলেন, “ওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন শেখ হাসিনা। কিন্তু, ও তখন ট্রেনে ছিল বলে যোগাযোগ হয়নি।”

রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুর সংস্পর্শ পাওয়া মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো কথা হয়নি।

তিনি উষ্মার সুরে বলেন, “ওই ৬০ জনকে (হামলাকারী) অ্যারেস্ট করা হলে কি না, সেই খবরটা নেন। মিষ্টি মিষ্টি কথা বলে তো লাভ নেই।”

তবে সেলিম জানান, রোববারের হামলার পর সিলেটের আওয়ামী লীগ নেতারা তার সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করেছেন।
 

পুরনো খবর:

সিলেটে ছাত্রলীগের হামলায় সিপিবি সভাপতি আহত
সিপিবি-বাসদের সভায় হামলাকারীদের গ্রেপ্তার দেখতে চান নাসিম
সিপিবি সভাপতির ওপর হামলার পর সিলেট ছাত্রলীগের কমিটি বিলুপ্ত