২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবি সভাপতির ওপর হামলার পর সিলেট ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের ওপর হামলার ঘটনায় সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 09:53 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

রোববার বিকালে সিলেট নগরীতে ওই হামলার পর রাতে ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, “কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তে সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের নির্দেশে ছাত্রলীগ সিলেট জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হইল।”

হামলার পর ছাত্রলীগ সভাপতি সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “ছাত্রলীগের কেউ যদি হামলার সঙ্গে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।”

হামলার ঘটনায় ‘দুঃখ’ প্রকাশ করে দপ্তর সম্পাদক শেখ রাসেল তখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “ঘটনাটি হয়ত ভুল বোঝাবুঝির জন্য হতে পারে।

“সিপিবির সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। তাদের ওপর হামলা করার কোনো কারণ থাকতে পারে না।”

সিলেটে কোর্ট পয়েন্ট চত্বরে বিকালে সিপিবি-বাসদের জনসভায় হামলা হয়, যাতে আহত হন ডাকসুর সাবেক ভিপি সেলিমসহ অন্তত ছয়জন।

সিপিবি সভাপতি সাংবাদিকদের বলেন, হামলাকারীদের মুখে ছিল ‘জয় বাংলা’ স্লোগান।

সিলেট জেলা সিপিবির সভাপতি বেদানন্দ ভট্টাচার্য বলেন,  সশস্ত্র হামলাকারীরা ছাত্রলীগেরই কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশের উপস্থিতিতে জনসভামঞ্চে এই হামলা হয়। তারা চেয়ার, মাইক ভাংচুর করে, ব্যানার ছিঁড়ে ফেলে। পরে পুলিশ ও সমাবেশকারীদের ধাওয়ায় তারা চলে যায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রোকন উদ্দিন সাংবাদিকদের বলেন, হামলাকারীদের ঠেকাতে র‌্যাব-পুলিশ অন্তত ৫০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

হামলা থামাতে গিয়ে কোতোয়ালি থানার ওসি আক্তার হোসেন আহত হয়েছেন বলে জানান তিনি।

সরকার সমর্থক সংগঠনের হামলার প্রতিবাদে সোমবার সিলেটে আধাবেলা হরতাল ডেকেছে সিপিবি ও বাসদ।

সিপিবি সভাপতি সেলিম বলেন, “সরকারের ছত্রছায়ায় এ ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।”

বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, “আগামী দিনে অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যেই এমন মহড়া দিচ্ছে সরকার দলের ক্যাডাররা।”