সিলেটে ছাত্রলীগের হামলায় সিপিবি সভাপতি আহত
সিলেটে জনসভায় ছাত্রলীগের একদল কর্মীর হামলায় আহত হয়েছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
রোববার বিকালে নগরীর কোর্ট পয়েন্ট চত্বরে সিপিবি-বাসদের জনসভায় এই হামলা হয়। হামলার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ সংগঠনের সিলেট জেলা শাখা বিলুপ্ত করেছে।
হামলার প্রতিবাদে সোমবার সিলেটে আধাবেলা হরতাল ডেকেছে বামপন্থী দল দুটি, যাতে সমর্থন দিয়েছে বিএনপি।
এদিকে সিলেটে হামলার প্রতিবাদে সন্ধ্যায় পল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভরত সিপিবিকর্মীদের লাঠিপেটা করেছে পুলিশ।
নির্বাচনের আগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) যৌথভাবে দেশের বিভিন্ন স্থানে জনসভা করছে। তারই অংশ হিসেবে সিলেটে জনসভা করছিল দুই প্রধান রাজনৈতিক জোটের বাইরে থাকা বামপন্থী দল দুটি।
কোর্ট পয়েন্ট চত্বরে পুলিশের উপস্থিতিতে হামলাকারীরা জনসভামঞ্চ ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এই হামলায় সিপিবি সভাপতিসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
সিপিবির সিলেট জেলা সভাপতি বেদানন্দ ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, “বিকাল ৫টায় ১৫-২০ জন সশস্ত্র ছাত্রলীগকর্মী হামলা চালায়। এতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ অন্তত ৬ নেতাকর্মী আহত হয়েছেন।”
সিলেটে সিপিবি-বাসদের জনসভায় ‘ছাত্রলীগের’ ভাংচুর।
হামলার সময় জনসভামঞ্চে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এবং সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদও ছিলেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রোকন উদ্দিন সাংবাদিকদের বলেন, হামলাকারীদের ঠেকাতে র্যাব-পুলিশ অন্তত ৫০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
হামলা থামাতে গিয়ে কোতোয়ালি থানার ওসি আক্তার হোসেন আহত হয়েছেন বলে জানান তিনি।
হামলার ২০ মিনিট পর র্যাব-পুলিশের কড়া পাহারায় সমাবেশ করে সিপিবি-বাসদ।
সমাবেশের পর সিপিবির সভাপতি সেলিম সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে ‘জয়বাংলা’ ম্লোগান দিয়ে ছাত্রলীগ নামধারী উচ্ছৃঙ্খল যুবকরা সমাবেশস্থলে হামলা-ভাংচুর চালায়।
“সরকারের ছত্রছায়ায় এ ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।”
বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, শাসকগোষ্ঠী যে শান্তিপূর্ণ নির্বাচন করতে পারবে না- এ হামলার মাধ্যমে তাই প্রমাণিত হল।
“আগামী দিনে অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যেই এমন মহড়া দিচ্ছে সরকার দলের ক্যাডাররা।”
ডাকসুর সাবেক ভিপি, সাবেক ছাত্রনেতা সেলিমের ওপর হামলার পর রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সিলেট জেলা শাখা বিলুপ্তির কথা জানায়।
আওয়ামী লীগ সমর্থক ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ রাসেল হামলার জন্য ‘দুঃখ’ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ““ঘটনাটি হয়ত ভুল বোঝাবুঝির জন্য হতে পারে।
“সিপিবির সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। তাদের ওপর হামলা করার কোনো কারণ থাকতে পারে না।”
জনসভায় হামলার পর তাৎক্ষণিকভাবে সোমবার সিলেটে হরতালের ডাক দেয় সিপিবি ও বাসদ।
সিপিবির সিলেট জেলা সভাপতি বেদানন্দ ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
আওয়ামী লীগের এক সময়ের রাজনৈতিক মিত্র সিপিবি সভাপতির ওপর হামলার প্রতিবাদে ডাকা এই হরতালে সমর্থন দেয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেন, “বর্তমান সরকার যে একদলীয় শাসন প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে হিংস্র মূর্তি ধারণ করেছে, তার পরিণতি আজ দেখা গেল।”
সিলেটে দলের সভাপতির ওপর হামলার প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে মিছিল বের করে সিপিবি নেতা-কর্মীরা। এতে পুলিশ লাঠিপেটা এবং কাঁদানে গ্যাস ছুড়লে অন্তত ২৫ জন আহত হন বলে সিপিবি নেতারা দাবি করেছেন।
সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলীয় কার্যালয়ের সামনে আমাদের শান্তিপূর্ণ অবস্থানের ওপর পুলিশ হামলা চালায়। এতে ২০/২৫ জন আহত হন।”
সিলেটে হামলার নিন্দা জানিয়ে সিপিবি নেতা বলেন, “সিলেটের পর ঢাকায় হামলার মাধ্যমে আওয়ামী লীগের নগ্নরূপ প্রকাশ পেয়েছে।”
সিপিবি সভাপতির ওপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি, ছাত্র ইউনিয়ন, প্রগতিশীল ছাত্রজোট, যুব ইউনিয়ন, ক্ষেতমজুর সমিতি, কৃষক সমিতি, উদীচী শিল্পী গোষ্ঠী, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন।
সংগঠনের সাবেক সভাপতি সেলিমের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে ছাত্র ইউনিয়নের বিবৃতিতে বলা হয়েছে, “শান্তিপূর্ণভাবে জনসভা চলাকালে ছাত্রলীগের সিলেট জেলার সভাপতি হিরন মাহমুদ নিপুর নেতৃত্বে অতর্কিত এ হামলার সময় পুলিশ ও র্যাব নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিল।”
