২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবি-বাসদের সভায় হামলাকারীদের গ্রেপ্তার দেখতে চান নাসিম

সিলেটে সিপিবি-বাসদের সমাবেশে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 08:24 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সোমবার বলেন, “এই ঘটনা অত্যন্ত দুঃখজনক।”

এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানান তিনি।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তও হামলার নিন্দা জানিয়েছেন।

জড়িতদের সবার বিরুদ্ধে ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় সুরঞ্জিত বলেন, “এ ঘটনা আওয়ামী লীগের জন্য অত্যন্ত দুঃখজনক। সিপিবি ও বাসদ ক্ষমতার রাজনীতি করে না। তারা আদর্শের রাজনীতি করে। এই হামলায় জড়িতদের বিরুদ্ধে শুধু সাংগঠনিভাবে সিদ্ধান্ত নিলে চলবে না। তাদের সবার বিরুদ্ধে ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।”

এদিকে এক বিবৃতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।

তাদের বিবৃতিতে বলা হয়, “সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের আহ্বায়ক খালেকুজ্জামানসহ নেতাদের ওপর হামলার ঘটনায় আমরা স্তম্ভিত। এই হামলা ছাত্রলীগের ধারাবাহিক উচ্ছৃঙ্খল আচরণেরই বহিঃপ্রকাশ।”

বিবৃতিতে বলা হয়, “যখন অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির ঐক্য গড়া অত্যন্ত জরুরি সেই সময়ে এই হামলা তার পরিপন্থী আচরণ কেবল নয়, বিরোধী পক্ষকেই- সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিকেই উৎসাহিত করবে।”

এর বাইরে ১৪ দলের শরিক দল ন্যাপের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন এবং গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম এই হামলার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেছেন।

রোববার সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিপিবি ও বাসদ এর জনসভায় ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ ছয় জন আহত হন। ঘটনার পর রাতেই ছাত্রলীগের সিলেট জেলা কমিটি বিলুপ্ত করা হয়। এ ঘটনায় ছাত্রলীগের ৬৮ নেতাকর্মীকে আসামি করে একটি মামলাও হয়েছে।

সোমবার সংবাদ সম্মেলন করে হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।