আ.লীগের অধীনে হয়নি, হবেও না: ফখরুল
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়নি, তা করা সম্ভবও নয়।
শনিবার বিকালে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
ফখরুল প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, “নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন দিয়ে পরীক্ষা করে দেখুন- কে জনপ্রিয়। সম্প্রতি চারটি সিটি নির্বাচনে আপনারা পরাজিত হয়েছেন। পরশু একটি ছোট পৌরসভা কালিগঞ্জেও ভরাডুবি হয়েছেন। আওয়ামী লীগের সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়নি, হবেও না।”
কেবল নির্দলীয় সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে গণভবনে এক মতবিনিময় সভায় বিরোধী দলীয় নেতাকে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণের ভোট চুরি করার নিয়ত তাদের নেই। অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয়- এখানেও সেভাবেই নির্বাচন হবে।
ফাইল ছবি
ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, মহানগর দক্ষিণের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
দলীয় সরকারের অধীনে অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ে ভোট কারচুপি হয়েছে বলেও দাবি করেন তিনি।
ফখরুল বলেন, “চার সিটি নির্বাচনে ক্ষমতাসীনরা হেরে গেছে। আগামীতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে হলে তারা আর ক্ষমতায় যেতে পারবে না বলেই দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। তাই প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু হবার অমূলক ও ভিত্তিহীন যুক্তি দেখাচ্ছেন।”
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয়তাবাদী শক্তি ও গণতন্ত্র-স্বাধীনতা রক্ষার ভবিষ্যৎ ধারক হিসেবে অভিহিত করে তিনি বলেন, “তার ভাবমূর্তি ক্ষুন্ন করে জনগনকে বিভ্রান্ত করতে সরকার মিথ্যা অপপ্রচার আবার শুরু করেছে।”
জাতীয় সংসদে কুরুচিপূর্ণ বক্তব্যের সমালোচনা করে এই সাবেক প্রতিমন্ত্রী বলেন, “সংসদ নেতা যদি মিথ্যা ও অশালীন কথা-বার্তা বলেন, সেখানে অন্যরা অশালীন কথা বলবেই।”
নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেনের কাছে পরাজিত হন মির্জা ফখরুল।
