‘জেলে যেতে হবে শেখ হাসিনাকে’
বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া বলেছেন, খালেদা জিয়া নয়, সরকারের ‘দুর্নীতির’ জন্য প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে আগামীতে কারাগারে যেতে হবে।
তত্ত্বাবধায়ক সরকার এলে ২০০৭ সালের মতো আবার দুই নেত্রীকে কারাগারে পাঠাবে- শেখ হাসিনার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার তিনি জাতীয় প্রেসক্লাবে এক সভায় একথা বলেন।
রফিক বলেন, “বিরোধীদলীয় নেতা কেন জেলে যাবেন? তিনি পুঁজিবাজার থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেননি, পদ্মা সেতু দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিকে সৎ মানুষ হিসেবে স্বীকৃতি দেননি। কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প থেকে অর্থ লুণ্ঠনের জন্য দায়মুক্তি আইন করেননি। হল-মার্ক ও ডেসটিনি থেকে হাজার হাজার টাকার সম্পদ লুটপাট করেননি।
“এসব বর্তমান প্রধানমন্ত্রীর আমলেই হয়েছে। এজন্য যত মামলা হবে, তা আপনার (প্রধানমন্ত্রী) বিরুদ্ধেই হবে।’’
আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সব ‘দুর্নীতির’ বিচার হবে, বলেন দলের স্থায়ী কমিটির এই সদস্য।
বিরোধীদলীয় নেতা সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “এরকম রুচিহীন বক্তব্য কেউ আশা করে না। আপনি (প্রধানমন্ত্রী) যেভাবে বিরোধীদলীয় নেতাকে আক্রমণ করে কথা বলেছেন, তা অমার্জিত, নোংরা, অসত্য ও অশালীন।’’
‘‘আপনার স্বামী প্রয়াত ড. ওয়াজেদ মিয়া আমার ব্যক্তিগত বন্ধু ছিলেন। তিনি একজন রুচিসম্মত মানুষ ছিলেন। প্রধানমন্ত্রীকে অনুরোধ রাখব, আপনি স্বামীর কথা ভেবে রুচিহীন বক্তব্য প্রদান থেকে সরে আসুন।’’
‘সন্ত্রাস দমন আইন (সংশোধনী-২০১৩) জনঅধিকার সংরক্ষণের সহায়ক নয়’ ’ শীর্ষক ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার রফিক।
“এই আইনের সংশোধনীতে পুলিশকে অসম্ভব রকমের ক্ষমতা প্রদান ও আদালতের ক্ষমতাকে সঙ্কুচিত হয়েছে।”
আগামী সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করতে যথাযথ পদক্ষেপ নিতেও সরকারের প্রতি দাবি জানান বিএনপি নেতা।
সাংবিধানিক অধিকার ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক সচিব সৈয়দ মার্গুব মোরশেদ সভাপতিত্ব করেন।
আলোচনা করেন এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজা, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সাবেক ছাত্রনেতা সুরঞ্জন ঘোষ প্রমুখ।
