আন্তর্জাতিক তদন্ত দাবি বিএনপির
মতিঝিল থেকে হেফাজতে ইসলামের কর্মীদের তুলতে ‘গণহত্যা’ চালানো হয়েছে দাবি করে এর আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে বিএনপি।
হেফাজতের ওপর হামলার প্রতিবাদে দুদিনের হরতালের আগের দিন মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
‘গণহত্যার’ জন্য সরকারের পদত্যাগও দাবি করেছে বিএনপি।
দাবি জানাতে যে কোনো সংগঠনের সমাবেশ করার সাংবিধানিক অধিকারের কথা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, “ফ্যাসিস্ট সরকার তাদের সেই অধিকার কেড়ে নিয়ে ৫ মে শাপলা চত্বরে পাইকারি হত্যাকাণ্ড চালিয়েছে, বহু মানুষকে আহত করেছে।
“আমরা এই গণহত্যার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানাচ্ছি। এরপর আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।”
গত রোববার ঢাকা অবরোধের পর মতিঝিলে অবস্থান নেয়া হেফাজতকর্মীদের ভোররাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে দেয়।
ওই অভিযানে সহস্রাধিক নিহত হয়েছে এবং লাশ গুম করা হয়েছে বলে দাবি করে আসছে বিএনপি; অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের দাবি, লাশের বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে বিএনপি। ‘গুম’ হওয়া ব্যক্তিদের তালিকা দিতেও বিএনপির প্রতি আহ্বান জানানো হয়েছে।
হেফাজতকে তুলতে অভিযানের সমালোচনা করে বিএনপির বিবৃতিতে বলা হয়, “লাখ লাখ নিরস্ত্র মানুষের ওপর ভয়াবহতম পৈশাচিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে। নির্বিচারে বৃষ্টির মতো গুলি হয়েছে।
“মধ্যরাতের পর শাপলা চত্ত্বর ও আশেপাশে অবস্থানরত হেফাজতের নেতা-কর্মীরা যখন ঘুমে এবং কেউ কেউ জিকিরে নিমগ্ন, সেই সময় তাদের ওপর নেমে আসে এই পৈশাচিক হত্যাযজ্ঞ। ঠাণ্ডা মাথায় সুপরিকল্পিতভাবে এই হত্যাযজ্ঞ ঘটানো হয়েছে।”
মতিঝিলে সমাবেশ চলার মধ্যে রোববার দৈনিক বাংলা থেকে পল্টন পর্যন্ত অসংখ্য দোকানে ভাংচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতকর্মীরা। তবে এই তাণ্ডবে হেফাজতকর্মীরা জড়িত ছিলো না বলে দাবি বিএনপির।
রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে হেফাজতকর্মীদের তুলে দেয়ার পর মতিঝিলে অনেক ভবনে ভাংচুরের চিহ্ন পাওয়া যায়, সড়ক বিভাজকের গাছ ও বেষ্টনিও পাওয়া যায় ভাঙা অবস্থায়।
অভিযানের সময় সাংবাদিকরাও সেখানে ছিলেন, বিভিন্ন টেলিভিশনে সরাসরি তা দেখানো হয়।
বিএনপি বলেছে, “বিদেশি গণমাধ্যমসহ বিভিন্ন সূত্রে আড়াই থেকে তিন হাজার লোককে হত্যা এবং ১০ হাজারের অধিক মানুষ আহত হওয়ার কথা জানা যাচ্ছে।
“বিভিন্ন আলোকচিত্র ও ভিডিও ফুটেজে অভিযানে বেপরোয়া গুলিবর্ষণ, অসংখ্য লাশের ছড়াছড়ি, মৃতদেহের ওপর দিয়ে ভারী যানবাহন চালিয়ে দেয়া এবং ট্রাক ভর্তি লাশ সরিয়ে নেয়ার নৃশংস দৃশ্যাবলী দেখে দেশবাসীর সঙ্গে আমরাও শিউরে উঠেছি “
এই অভিযানকে একাত্তরের ২৫ মার্চের কালরাতের সঙ্গে তুলনা করে বিবৃতিতে বলা হয়, “এজন্য আওয়ামী লীগকে একদিন আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে।”
এই অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর কর্মীরাও ছিলেন বলে অভিযোগ করেছে বিএনপি।
হেফাজতের এই কর্মসূচিতে বিএনপির সমর্থন ছিলো এবং তাদের সহায়তার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছিলেন খালেদা জিয়া।
তবে হেফাজতের নেতা-কর্মীদের পানীয় সরবরাহের জন্য বিএনপি উদ্যোগ নিলেও তাতে বাধা দেয়া হয় বলে অভিযোগ করেছে দলটি।
শাহবাগ আন্দোলনের বিরোধী হেফাজতে ইসলামের ১৩ দফার মধ্যে নারী উন্নয়ন নীতিমালার বিরোধিতার পাশাপাশি নারী-পুরুষ অবাধ বিচারণ বন্ধের দাবিও রয়েছে।
এই বিষয়ে বিএনপি বলেছে, তাদের কিছু কিছু দাবির প্রতি বিএনপির সমর্থন থাকলেও অনেক দাবির সঙ্গে দ্বিমতও রয়েছে।
