২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভ্রান্তি সৃষ্টির চেষ্টায় বিএনপি: হানিফ

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, হেফাজতে ইসলামকে দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রে ব্যর্থ হওয়ার পর মতিঝিল অভিযান নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 07:43 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

“মানসিক বিকারগ্রস্ত হয়ে বিএনপি নেতারা মতলববাজি কথা বলছেন। সরকারের বিরুদ্ধে মানুষকে উস্কে দিতেই মিথ্যাচার করছেন তারা,” সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন তিনি।

মতিঝিল থেকে হেফাজতকর্মীদের তুলতে পুলিশের অভিযানকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের বক্তব্যের জবাবেই মূলত ধানমণ্ডির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন হানিফ।

‘মিথ্যাচারের’ জন্য এ বিএনপি নেতাকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে হানিফ বলেন, তা না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

হেফাজতকর্মীদের সরাতে সাঁড়াশি অভিযানকে আইন শৃংখলাবাহিনীর ‘দক্ষ অভিযান’ উল্লেখ করে তিনি বলেন, “অত্যন্ত কৌশলে, কোনো ক্যাজুয়ালিটি না করে হেফাজতকর্মীদের নির্বিঘ্নে ঢাকা থেকে বের করে দেয়া হয়েছে।”

অভিযানে সহস্রাধিক মানুষ মারা গেছে বলে বিএনপির দাবির জবাবে হানিফ বলেন, “এ দক্ষ অভিযানকালে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

“গণমাধ্যমের সামনে এ অভিযান হয়েছে, পুরো জাতি তা দেখেছে। কিন্তু কোন তথ্যের ভিত্তিতে তিনি (আনোয়ার) এ তথ্য দিলেন তা জাতি জানতে চায়। এর পক্ষে প্রমাণ দেখান, তা না হলে ক্ষমা চান।”

হেফাজতের তাণ্ডবের সময় ধর্মগ্রন্থ পোড়ানোয় স্বেচ্ছাসেবক লীগ দেবাশীষ বিশ্বাসকে জড়িয়ে এম কে আনোয়ারের বক্তব্যেরও প্রতিবাদ জানান হানিফ।

 “এ বক্তব্য দিয়ে তিনি ওই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে ও দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছেন। আপনাদের মতো রাজনীতিবিদদের কারণে রাজনীতিবিদদের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে যায়।”

হেফাজতের তাণ্ডবের বর্ণনা দিয়ে আওয়ামী লীগ নেতা বলেন, হেফাজতে ইসলাম জামায়াতের ‘বি টিম’। এ অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।