'সংকট কূটনৈতিক নয়, রাজনৈতিক'
দেশের চলমান সংকট 'কূটনৈতিক' নয় বরং 'রাজনৈতিক' বলে মন্তব্য করেছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। রাজনৈতিক সংকট নিয়ে খালেদা জিয়ার সঙ্গে আরব দেশগুলোর রাষ্ট্রদূতদের বৈঠকের পরদিন এ মন্তব্য করলেন তিনি।
চলমান রাজনৈতিক সংকট কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে বলে উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত বৃহস্পতিবার বলেন, “দেশে যে সংকট সৃষ্ট করা হয়েছে, তা কোনোভাবেই কূটনৈতিক সংকট নয়; এটা রাজনৈতিক সংকট। কৃত্রিম সংকটের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই।”
বুধবার রাতে গুলশানে নিজের কার্যালয়ে দুই ঘণ্টা ১০টি আরব দেশের কূটনীতিকের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজনৈতিক সঙ্কট নিরসনে আরব দেশগুলো উদ্যোগে বিএনপির সমর্থন থাকবে বলে জানান তিনি।
কূটনীতিকদের আগ্রহেই এই বৈঠক হয়েছে উল্লেখ করে বিএনপির সহসভাপতি ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, "রাষ্ট্রদূতরা বাংলাদেশের বিরাজমান সঙ্কট উত্তরণে আগামীতে সবার কাছে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের বিষয় নিয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে কথা বলেছেন। তারা এদেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান।”
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভায় সুরঞ্জিত বলেন, "শুধুমাত্র বেতনভাতা নিতে ও সদস্যপদ রক্ষায় সংসদে যাবেন তা হয় না। চলমান রাজনৈতিক সংকট সাংবিধানিকভাবে সমাধান করতে হবে। বিশ্বের অন্য দেশে যেভাবে অন্তবর্তী সরকারের অধীনে নির্বাচন হয়, বাংলাদেশেও তাই হবে।”
আগামী ২৯ এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচনের কথা রয়েছে। এর আগে ২১ এপ্রিল মনোনয়ন দাখিলের সময় রয়েছে।
ফটিকছড়িতে নারকীয় তাণ্ডবের প্রতিবাদে ‘নৌকা সমর্থক গোষ্ঠী’ আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিম।
সভায় ওই ঘটনায় দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
