চট্টগ্রামে হরতাল বৃহস্পতিবারও
দেশব্যাপী হরতাল মঙ্গল ও বুধবার হলেও চট্টগ্রামে হরতাল চলবে সপ্তাহের শেষ দিন পর্যন্ত।
হেফাজতে ইসলাম সারাদেশে হরতাল ডাকে সোমবার। দলের শীর্ষ পর্যায়ের নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে মঙ্গল ও বুধবার হরতাল ডেকেছে বিএনপি।
ওই বিএনপি নেতাদের একজন আবদুল্লাহ আল নোমানের মুক্তি দাবিতে বৃহস্পতিবার চট্টগ্রামে হরতাল ডেকেছে স্বেচ্ছাসেবক দল।
বিএনপির সহসভাপতি নোমানের বাড়ি চট্টগ্রামে। নগরীর একটি আসনের সাবেক সংসদ সদস্য নোমান মন্ত্রীও ছিলেন।
চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস কে খোদা তোতন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবদুল্লাহ আল নোমানকে কারাগারে পাঠানোর প্রতিবাদে আমরা চট্টগ্রাম মহানগরীতে বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছি।”
সোমবার বিকালে নগরীর কাজীর দেউরীর মোড়ে স্বেচ্ছাসেবক দলের এক প্রতিবাদ সমাবেশেও হরতালের ঘোষণা দেয়া হয়।
ওই প্রতিবাদ সমাবেশে সংসদের সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম ছিলেন।
হরতালের আগে ভাংচুর
নগরের কয়েকটি স্থানে সোমবার বিকালে হরতালের সমর্থনে বের করা মিছিল থেকে ভাংচুর করা হয়েছে।
বিকালে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়। মিছিলটি লাভলেইন মোড়, জুবিলি রোড হয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ কর্মীরা আশেপাশের দোকান, ব্যাংক ও বাড়িতে ইটপাটকেল ছুড়ে।
এছাড়া মিছিলটি নগরীর তিনপুলের মাথায় পৌঁছালে সেখানেও ভাংচুর চালায় বিএনপিকর্মীরা।
বিক্ষোভকারীরা লাভলেইন মোড়ে এএনজেড প্রপার্টিজ, ইস্টার্ন ব্যাংক, পেডরোলো, কামাল চেম্বার ও ইউসিবি ব্যাংক এর বাইরের কাচ ভাংচুর করে।
এছাড়া নাসিমন ভবন ও এর আশেপাশের এলাকায় কয়েকটি অটোরিকশা, একটি মাইক্রোবাস ভাংচুর করে বিএনপিকর্মীরা।
