২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানি মামলায় অ্যানিকে আদালতে তলব

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে যুদ্ধাপরাধী বলায় বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে তলব করেছে ফরিদপুরের একটি আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 12:52 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

মন্ত্রীর ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরের করা একটি মানহানি মামলায় সোমবার ফরিদপুরের এক নম্বর আমলি আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।

সোমবারই ৫০ কোটি টাকার মানহানির এ মামলাটি করেন মন্ত্রীর সহোদর।

বাদীর আইনজীবী জাহিদ বেপারী বলেন, দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় ৫০ কোটি টাকার মানহানির মামলাটি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদী অ্যানিকে আগামী ১৬ এপ্রিল তারিখের মধ্যে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ফরিদপুরের যুগ্ম জেলা জজ (প্রথম আদালত) আদালতে মন্ত্রীর পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা ৫০ কোটি টাকার একটি ক্ষতিপূরণ মামলাও করেন অ্যানির বিরুদ্ধে।

এ মামলায় সোমবার জেলা জজ আদালতের বিচারক রাফিজুল ইসলাম আগামী ১০ এপ্রিলের মধ্যে অ্যানিকে আদালতে হাজির হয়ে লিখিত বক্তব্য দেয়ার আদেশ দিয়েছেন।

গত ১১ ফেব্রুয়ারি ঢাকার নয়াপল্টন এলাকার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ছাত্রদলের সমাবেশে বিএনপি নেতা অ্যানি তার বক্তৃতায় প্রবাসীকল্যাণ মন্ত্রীকে চিহ্নিত যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।

ওইদিন তার এই বক্তব্য বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে সন্ধ্যা সাড়ে সাতটা ও রাত সাড়ে ১০টার সংবাদে প্রচারিত হয়।

সুবল চন্দ্র সাহা জানান, ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ১২ ফেব্রুয়ারি সাংসদ অ্যানির এমপি হোস্টেলের বাসার ঠিকানায় লিগ্যাল নোটিস পাঠান তার মক্কেল। নোটিস পাওয়ার সাত দিনের মধ্যে বক্তব্যের পক্ষে দালিলিক প্রমাণ না দেখাতে পারলে ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানি মামলা করা হবে বলেও নোটিসে উল্লেখ করা হয়।

অ্যানির পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে মামলাটি করা হয়েছে বলে জানান এই আইনজীবী।