২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভে তাণ্ডবের প্রতিবাদ জানাবে ১৪ দল

দেশব্যাপী জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে আগামী ৪ মার্চ সারাদেশে বিক্ষোভ-সমাবেশ করবে ১৪ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 02:20 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “শহীদ মিনারে হামলা, জাতীয় পতাকাকে অসম্মান ও জাতীয় মসজিদে অগ্নিসংযোগসহ জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে ৪ মার্চ ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ-সমাবেশ করা হবে।”

“এর আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সহযোগী সংগঠনগুলো সঙ্গে আমরা বৈঠক করব।”

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে ব্যাপক তাণ্ডব চালায় শাহবাগের গণজাগরণবিরোধীরা, যার পেছনে জামায়াতের ইন্ধন দেখছে পুলিশ।

চট্টগ্রাম, রাজশাহী, বগুড়াসহ বিভিন্ন স্থানে হামলাকারীদের হামলার লক্ষ্য ছিল গণজাগরণ মঞ্চ, যেখান থেকে একাত্তরের যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে ৫ ফেব্রুয়ারি থেকে আন্দোলন চলছে। হামলা থেকে বাদ যায়নি সিলেট ও ফেনীর শহীদ মিনারও।

দেশবাসী রোববারের হরতাল প্রত্যাখান করেছে দাবি করে নাসিম বলেন, “জনগণ নানাবিধ সন্ত্রাসী ও উস্কানিমূলক কর্মকাণ্ডের পরেও জীবনযাত্রা স্বাভাবিক রেখেছে। অফিস-আদালত, দোকানপাট, ব্যাংক-বীমা, স্কুল-কলেজ যথারীতি চলেছে। রিকশা, রেল, বিমান চলাচল ছিল স্বাভাবিক।”

আমার দেশসহ কয়েকটি পত্রিকা উদ্দেশ্যমূলকভাবে খবর ছেপে উস্কানি দিচ্ছে উল্লেখ করে এই আওয়ামী লীগ নেতা বলেন, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার।

“আমাদের পবিত্র ইসলাম ধর্মকে ব্যবহার করে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার কৌশল গ্রহণ করেছে। সত্যিকার ধর্মপ্রাণ মসুলমানকে আহ্বান জানাব আপনারা এই অপপ্রচারে ভ্রান্ত হবেন না।”

ব্লগার বাজীবের মৃত্যুর পর তাকে নিয়েও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন নাসিম।

মানিকগঞ্জের সিঙ্গাইরে সহিংসতায় চার জন নিহত হওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারা একটি রাজনৈতিক দলের কার্যালয়ে আক্রমন করতে গিয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নিয়েছে। এটা ঠিক হয়েছে বলে আমি মনে করি।”

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মল্লিক ও পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা, কমিউনিস্ট কেন্দ্রের অসীত বরুণ রায়, ন্যাপের ইসমাইল হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ ১৪ দলের বৈঠকে উপস্থিত ছিলেন।