‘সমাঝোতা হলে তো রায় দেওয়া হতো না’
যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সরকারের সঙ্গে জামায়াতের আপসের প্রশ্ন উড়িয়ে দিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
রোববার দুপুরে বিসিসি সংলাপ অনুষ্ঠানে এক দর্শকের ‘সমঝোতা’ নিয়ে এক প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, সমাঝোতা হলে তো আর রায় দেওয়া হতো না।”
সমাপিকা হালদার নামের এক দর্শকের প্রশ্ন ছিল, “যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে সরকারের আপস নিয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে তা সরকার কিভাবে মোকাবিলা করবে।”
রাজধানীর বিয়াম মিলনায়তনে সংলাপে অংশ নেয়া বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ অবশ্য সরকারের সঙ্গে জামায়াতে ইসলামীর সমঝোতা নিয়ে সরাসরি অভিযোগ করেন।
“সরকারের সঙ্গে জামায়াতের সমঝোতা হয়েছে নিশ্চয়ই। আমরা কর্মসূচি করতে গিয়ে সরকার বাধা দিচ্ছে। অন্য দিকে জামায়াতের সঙ্গে সরকারের ফুল বিনিময়। এতে করে বুঝতে আর বাকি নেই যে সরকারের সঙ্গে জামায়াতের কিছু একটা হয়েছে।”
জামায়াতের সঙ্গে সরকারের সমঝোতার কারণেই রায়ে জনগনের আশা আকাঙ্খার প্রতিফলন হয়নি অভিযোগ করেন তিনি।
যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আইন আবারো সংশোধনের জন্য উদ্যোগ নেয়া হচ্ছে উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, সংশোধনীর মাধ্যমে পরের রায়গুলোতে জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে।
মতিয়া চৌধুরী বলেন, “এই বিচার শুরু হওয়ার পর থেকে বিএনপি এর বিরোধিতা করে আসছে। আন্তজার্তিক সকল চাপ সহ্য করে এই বিচার শূরু হয়েছে। এতে কোনো সন্দেহ নেই আগামীতে প্রত্যেকটি যুদ্ধপরাধীদের বিচার করা হবে।”
বিবিসি সংলাপ অনুষ্ঠানের অন্য আলোচকদের মধ্যে ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আইন বিষয়ক সম্পাদক ড. তুরিন আফরোজ এবং ব্লগার আরিফ জেবতিক।
মামলা পরিচালনায় প্রসিকিউশনের দুর্বলতা ছিল কিনা - এমন প্রশ্নের জবাব কৃষিমন্ত্রী বলেন, “যেহেতু আদালতে মামলার বিচার চলছে সেহেতু এই সম্পর্কে কোনো মন্তব্য করা উচিত হবে না। তবে এটুকু বলতে পারি বিচার অন্ধ কিন্তু বিচারক অন্ধ নন। এটা আমি বিশ্বাস করি। বিচারকের অন্ধ হওয়া উচিত না। বিচারকের চক্ষু থাকা উচিত।”
এ প্রসঙ্গে সংলাপের অন্য প্যানেল আলোচকরা ‘প্রসিকিউশনের দুর্বলতার কারণেই’ কাদের মোল্লার ফাঁসির আদেশ দেয়া যায় নি বলে মন্তব্য করেন।
মিলনায়তনে উপস্থিত অনেক দর্শকও কাদের মোল্লার রায়ের উদাহরণ টেনে মামলা পরিচালনায় প্রসিকিউশনের দুর্বলতার বিষয়টি উল্লেখ করেন।
তুরিন আফরোজ বলেন “ট্রাইব্যুনালে এখন পর্যন্ত দুটি রায় পর্যালোচনা করলে দেখা যায় প্রসিকিউশনের প্রচুর দূর্বলতা আছে। আর আঁতাত হলেও হতে পারে।”
ব্লগার আরিফ জেবতিক প্রসিকিউশনের দুর্বলতার বিষয়ে সহমত প্রকাশ করে বলেন, “আজকে যদি জামায়াত আওয়ামী লীগের সঙ্গে জোট করে তবে বিএনপি কালকে থেকেই জামায়াতকে যুদ্ধপরাধী বলা শুরু করবে। এ রকম জাতীয় একটি ইস্যু নিয়ে কোনো রাজনৈতিক সমীকরণ আমরা দেখতে চাই না।”
সংলাপ সঞ্চালনা করেন বিবিসি বাংলার সাংবাদিক আকবর হোসেন।
