‘বিএনপি যুদ্ধাপরাধীদের উপর নির্ভরশীল’
বিএনপির রাজনীতি যুদ্ধাপরাধীদের উপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল।
শুক্রবার সুনামগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, বাচ্চু রাজাকারের বিচারের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচারের পরিসমাপ্তির সূচনা হয়েছে। জাতি এজন্য ৪১ বছর অপেক্ষা করেছে।
“এ ব্যাপারে বিএনপির প্রতিক্রিয়া মোটেই অপ্রত্যাশিত নয়। বিএনপির রাজনীতি এখন অনেকাংশে যুদ্ধাপরাধীদের সমর্থনের উপর নির্ভরশীল। কাজেই বিএনপি সরাসরি যুদ্ধাপরাধীদের সঙ্গে সংযুক্ত দলটি বা ব্যক্তিদের বিরোধিতা করবে- তা তাদের পক্ষে সম্ভব নয়,” বলেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক।
গত সোমবার আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির রায় দেয়।
জামায়াতের রাজনৈতিক মিত্র বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এ রায়ের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে
বলেন, “রাজনৈতিক অভিলাষ নিয়ে শুধু একটি চিহ্নিত বিরোধী দলের নেতাদের শায়েস্তা করার জন্য বিচার করলে জনগণ তা মেনে নেবে না।”
শুক্রবার দুপুরে সুলতানা কামাল সুনামগঞ্জের শহীদ আবুল হোসেন মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।
এ সময় তিনি তত্ত্ববধায়ক সরকারের ব্যাপারে বলেন, আওয়ামী লীগ ও বিএনপির উচিত এ নিয়ে আলোচনায় বসা। আলোচনার মাধ্যমেই একটি সুষ্ঠু সমাধান বের হবে।
উভয় দলের উচিত জনগণকে আর অনিশ্চয়তায় না রাখা। কেননা সাংঘর্ষিক অবস্থায় না গিয়ে সমঝোতার পথে গেলে দেশ ও জনগণ উপকৃত হবে বলে মনে করেন এই মানবাধিকার নেত্রী।
সম্মেলনে আরো বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল, শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান অবনি মোহন দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, যুগ্ম-সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, তাপস কুমার পাল, মৃত্যুঞ্জয় ধর ভোলা প্রমুখ।
