ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজপথ অবরোধ কর্মসূচি সফল দাবি করে সংঘাত এড়াতে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংঘাতের মধ্যে রোববার ১৮ দলের আট ঘণ্টার কর্মসূচি শেষ হওয়ার পর বিএনপির মুখপাত্র নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, এর মধ্য দিয়ে সরকারের প্রতি জনগণের অনাস্থার প্রকাশ ঘটেছে।
ফখরুল বলেন, “সরকারের জুলুম নির্যাতনের পরও অবরোধ কর্মসূচিতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন ও অংশগ্রহণ করেছে। প্রমাণ হয়ে গেছে, বর্তমান সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই।”
“নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। তাই সরকারকে বলব, এখনো সময় আছে; আশা করব, আপনাদের শুভ বুদ্ধি উদয় হবে।”
অবরোধ কর্মসূচি ‘সফল’ করার জন্য দলীয় প্রধান খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসীকে অভিনন্দন জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব; যদিও সরকারি দলের নেতারা বলছেন, জনগণ এই কর্মসূচি প্রত্যাখ্যান করেছে।
ফখরুল দাবি করেন, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে সরকারি দল ও পুলিশের হামলায় বিএনপির তিনজন এবং জামায়াতে ইসলামীর একজন নিহত হয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আহতের সংখ্যা সারাদেশে ৬ শতাধিক এবং ঢাকায় ৪৭০ জনের বেশি।
সারাদেশে ৪৪০ জন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে বলে দাবি করেন ফখরুল, এর মধ্যে ঢাকার ২২৫ জন রয়েছেন।
বিএনপির মুখপাত্র বলেন, “শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির সময়ে সরকারের পুলিশ ও ক্ষমতাসীন দলের ক্যাডারদের নৃশংস ও নিষ্ঠুর হামলায় বিভিন্ন স্থানে আমাদের নেতা-কর্মীদের হত্যা করা হয়েছে।
“গুলি করে অসংখ্য নেতা-কর্মীকে আহত করা হয়েছে। এদের মধ্যে অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।”
আমিন বাজারে পুলিশ-র্যাবের পাশাপাশি ছাত্র ও যুবলীগকর্মীদের হামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল কবির পল, শাহবাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি ফয়সল আহমেদ সজল, সিনিয়র সহসভাপতি ফারুকের আহত হওয়ার কথা জানান ফখরুল।
তিনি জানান, ঢাকার শাহবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, ডেমরা, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, কাফরুল, তেজগাঁও, শিল্পাঞ্চল, পল্লবী, পুরান ঢাকার আদালত এলাকা, শ্যামপুর, খিলগাঁও, রমনা, সাভার, নাটোর, গাজীপুর, চট্টগ্রাম, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, বগুড়া, রাজবাড়ী, সিরাজগঞ্জ, মাদারীপুর, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ, মানিকগঞ্জ, ফেনী, খুলনা, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, লক্ষ্মীপুর, বরিশাল, নেত্রকোনা, নারায়ণগঞ্জে বিরোধীদলীয় কর্মীদের ওপর হামলা হয়েছে।
দমন-পীড়ন বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “সংঘর্ষের পথ পরিহার করে গণতন্ত্রের পথে আসুন। সংঘাতের দিকে দেশকে ঠেলে দেবেন না। নির্দলীয় সরকার ব্যবস্থা সংবিধান পুনর্বহাল করে দেশে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করুন।”
সংবাদ সম্মেলনে ফখরুলের সঙ্গে জামায়াতের ঢাকা মহানগর নেতা নুরুল ইসলাম বুলবুলও ছিলেন।
এছাড়াও ছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস, ফজলুর রহমান পটল, শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, আবদুস সালাম, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, হেলেন জেরিন খান, রেহানা আখতার রানু, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, হাবিব-উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, সাইফুল আলম নিরব, মীর শরফত আলী সপু, শফিউল বারী বাবু, শিরিন সুলতানা, এম এ মালেক, মনির খান, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯৫৪ ঘ.
bdnews24