ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য নয়, জামায়াতকে জনসভা করতে না দেয়ার প্রতিবাদে তাদের হরতালে বিএনপি নৈতিক সমর্থন দিয়েছে বলে দাবি করেছেন দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বুলু বলেন, “আজকের হরতালকে সমর্থন জানানো নিয়ে কিছু গণমাধ্যম ও টেলিভিশনের টক শোতে বিএনপি সম্পর্কে নানা অপপ্রচার চালানো হচ্ছে। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, জামায়াতকে জনসভা করতে না দেয়ার প্রতিবাদেই আমরা তাদের ডাকা হরতালে নৈতিক সমর্থন দিয়েছি। যুদ্ধাপরাধী বা স্বাধীনতা বিরোধীদের বাঁচানোর জন্য আমরা এই হরতালে সমর্থন জানাইনি। একে ভিন্নভাবে দেখার কোনো অবকাশ নেই।”
সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াতের সমাবেশে বাধা দেয়ার প্রতিবাদে এই হরতালে সমর্থন দিয়েছেন তারা। যদিও জামায়াতের বিবৃতিতে যুদ্ধাপরাধে অভিযুক্ত শীর্ষ নেতাদের মুক্তির দাবিতেই মঙ্গলবারের হরতাল ডাকা হয়েছে বলে বলা হয়।
জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ১৮ দলীয় জোটের অন্যতম শরিক কল্যাণ পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত থাকার কথা থাকলেও হরতালের কারণে তিনি আসতে পারেননি। ভারপ্রাপ্ত মহাসচিবের পক্ষে যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুুলু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ত্রি-বার্ষিক সম্মেলনে চট্টগ্রাম, কুমিল্লা, রাজবাড়ী, রাজশাহী, সিলেটসহ বিভিন্ন সাংগঠনিক জেলার তিন শতাধিক প্রতিনিধি অংশ নেন।
যুদ্ধাপরাধীর বিচার প্রসঙ্গে বুলু বলেন, “সিমলা চুক্তির মাধ্যমে শেখ মুজিবুর রহমানই ১৯৭ জন যুদ্ধাপরাধীকে মাফ করে দিয়েছিলেন। যুদ্ধাপরাধীদের বিচার করতে হলে আগে তাদের বিচার করতে হবে।”
কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনকে চূড়ান্ত পর্যায় নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সম্মেলনে অন্যান্যের মধ্যে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, কল্যাণ পার্টির মহাসচিব আবদুল মালেক চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৬৩৭ ঘ.
bdnews24