ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অন্তরায় তৈরি হয়েছে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
এজন্য এই ‘অসঙ্গতি’ দূর করার ওপর জোর দিয়েছেন ক্ষমতাসীন মহাজোটের এই নেতা, যদিও পরবর্তী নির্বাচন এককভাবে করার ঘোষণা রয়েছে তার।
সোমবার বনানীতে জাতীয় পার্টি কার্যালয়ে এক অনুষ্ঠানে এরশাদ বলেন, “সংসদ বহাল রেখে আর একটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারেনা। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অসঙ্গতি দূর করতে হবে।”
এর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও একই কথা বলেছিলেন। তবে এক্ষেত্রে সাংবিধানিক কোনো সঙ্কট নেই বলে দাবি করে আসছেন আওয়ামী লীগ নেতারা।
এরশাদ বলেন, “দেশ ও জনগণের স্বার্থে ক্ষমতায় যাওয়ার জন্যই জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। দেশের মানুষ এখন জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায়।”
জাপা চেয়ারম্যান কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
জাতীয় পার্টিকে আরো সংগঠিত করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে এরশাদ বলেন, “একসময় যারা মনে করেছিল আমরা আর টিকে থাকতে পারব না, তাদের সে ধারণা ভুল প্রমাণিত হয়েছে।”
সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, এস এম ফয়সাল চিশতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এসআই/এমআই/২১৩৭ ঘ.
bdnews24