রংপুর, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্যদের জন্য বরাদ্দ বিশেষ টিআর প্রকল্পের গম আত্মসাৎ করার অভিযোগে গাইবান্ধা-১ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য কর্নেল অব. আব্দুল কাদের খানের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুদক।
সোমবার সুন্দরগঞ্জ থানায় মামলা চারটি দায়ের করেছেন রংপুর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক জহিরুল হুদা।
মামলার বাদি দুদক কর্মকর্তা জহিরুল হুদা সাংবাদিকদের বলেন, “তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হবার দুদক আইনে চারটি মামলা দায়ের করা হয়েছে।”
দুদক কর্মকর্তা জহিরুল জানান, আব্দুল কাদের খান ২০০৯/১০ অর্থ বছরের জুন মাসে সুন্দরগঞ্জ উপজেলায় ৮৫টি প্রকল্পের জন্য বিশেষ টিআর প্রকল্পের আওতায় সাড়ে তিনশ’ মেট্রিক টন গম বরাদ্দ নেন। কিন্তু তিনি ৬৮টি প্রকল্পের ২৭০ মেট্রিক টন গমের কোনো কাজ না করেই পুরো গম উত্তোলন করে আত্মসাৎ করেছেন যার মূল্য ৪০ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়াও, জয়মনদী বালিকা উচ্চ বিদ্যালয়, কিশামত হলদিয়া উচ্চ বিদ্যালয় ও খবির উদ্দিন মহাবিদ্যালয়ের সংস্কার কাজের জন্য দুইবার প্রকল্প দেখিয়ে পাঁচ টন করে গম উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে।
টিআর প্রকল্পের গম আত্মসাৎ ছাড়াও আরো ১০ ধরণের অনিয়ম খুঁজে পান তদন্ত কর্মকর্তা। এর মধ্যে রয়েছে, প্রকল্প কমিটি গঠনে অনিয়ম করা, একই প্রতিষ্ঠানের একই শিরোনামে প্রকল্পের কাজ দ্বিতীয়বার প্রকল্পভুক্ত করা, এক ইউনিয়নের প্রকল্পে অন্য ইউনিয়নের বাসিন্দাসহ ভূয়া ব্যাক্তিকে প্রকল্প চেয়ারম্যান করা ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৭২৩ ঘ.
bdnews24