২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচার দেখে যেতে চান যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা

বেঁচে থাকতে স্বাধীনতাবিরোধীদের বিচার দেখে যাওয়ার আশা আওয়ামী লীগ নেতাদের কাছে তুলে ধরেছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 11:46 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেঁচে থাকতে স্বাধীনতাবিরোধীদের বিচার দেখে যাওয়ার আশা আওয়ামী লীগ নেতাদের কাছে তুলে ধরেছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৩১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এক দল যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মো. মোস্তফা বীর উত্তম বলেন, “স্বাধীনতাবিরোধীদের বিচার আমরা বেঁচে থাকতে দেখে যেতে চাই।” “রাজাকারদের জন্য দেশ সুন্দরভাবে গড়া যাচ্ছে না। আমরা তাদের বিচার চাই,” হুইল চেয়ারে বসে আওয়ামী লীগ নেতাদের কাছে দাবি জানান যুদ্ধাহত এই মুক্তিযোদ্ধা। সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী মুক্তিযোদ্ধাদের দাবির সঙ্গে সহমত প্রকাশ করেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ সভায় ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাবা-মাসহ পরিবারের প্রায় সব সদস্যকে হারানোর পাঁচ বছর নয় মাস পর ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এর আগে ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৭৪১ ঘ.