ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপির বৈঠক ডাকার খবরের মধ্যেই আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বললেন, সদস্যপদ বাঁচাতে ফিরলেও ‘ঘণ্টা দুয়েকের বেশি’ তারা সংসদে থাকবেন না।
শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় কামরুল বলেন, “দুই একদিনের মধ্যেই তারা সদস্যপদ বাঁচাতে সংসদে আসবেন। সংসদে এসে বিরোধীদলীয় নেতা মিথ্যাচার করে ঘণ্টা দুয়েক ভাষণ দেবেন এবং এরপর ওয়াকআউট করে বেরিয়ে যাবেন।”
সর্বশেষ গত বছরের ২৪ মার্চ খালেদা জিয়ার নেতৃত্বে সংসদের অষ্টম অধিবেশনে যোগ দেয় বিএনপি। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত টানা ৮৩ দিন ধরে অধিবেশনে অনুপস্থিত রয়েছেন বিরোধী দলীয় নেতা এবং তার দলের সদস্যরা।
কার্যপ্রণালী বিধি অনুযায়ী, টানা ৯০ দিন অনুপস্থিত থাকলে একজন সাংসদের সদস্য পদ শূন্য হয়ে যায়।
বিরোধীদলের সমালোচনা করে আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী বলেন, “বিরোধীদল সরকারেরই একটি অংশ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা এমন একটি বিরোধীদল পেয়েছি- যাদের মানসিকতা নেতিবাচক।”
মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সমুদ্রসীমা নিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বাংলাদেশের জয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করে কামরুল বলেন, “আমরা কিছু বেহায়ার পাল্লায় পড়েছি; তারা এতো বড় বিজয়ের পরেও সরকারের সফলতা স্বীকার করতে চায় না।”
সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে আইনি লড়াই জেতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমের প্রশংসা করে বুধবার বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই প্রসংশা শুধু মন্ত্রণালয়ের। সরকার এর ভাগিদার নয়।
বিএনপিকে ‘মিথ্যাবাদীর দল’ আখ্যায়িত করে কামরুল বলেন, “তারা শাক দিয়ে মাছ ঢাকতে চায়। কিন্তু দেশের মানুষ হাসিনা সরকারের সাফল্য দেখছে। তারা জানে, বিএনপি ক্ষমতায় এলে দেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হবে।”
আলোচনা সভায় উপস্থিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন দাবি করেন, সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় ১২ তারিখ বিএনপি সমাাবেশ থেকে ‘নাশকতা’ করতে পারেনি।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব পরিষদ আয়োজিত এ আলোচনা সভায় অন্যদের মধ্যে পরিষদের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী, কৃষকলীগের সহসভাপতি শেখ মো জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সম্পাদক অরুণ সরকার রানা বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/১৪৫৫ ঘ.
bdnews24