২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার দায় সরকারকেই নিতে হবে: খালেদা

সরকারের ‘নির্দেশে’ বিএনপির গণমিছিলে পুলিশ গুলি করেছে দাবি করে তিন জেলায় পাঁচ হত্যা প্রসঙ্গে এ কথা বলেছেন বিএনপি চেয়ারপার্সন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 06:48 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের ‘নির্দেশে’ বিএনপির গণমিছিলে পুলিশ গুলি করেছে দাবি করে খালেদা জিয়া বলেছেন, এসব ‘হত্যার’ দায় সরকারকেই নিতে হবে। বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুুর ও চাঁদপুর জেলার জামিনপ্রাপ্ত নেতা-কর্মীদের এক সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি বলেন, “পাঁচ জন নেতা-কর্মীকে তারাই হত্যা করেছে। এই সরকারের হাত মানুষের রক্তে রঞ্জিত।” স¤প্রতি তিন জেলায় গুলিতে পাঁচ জন নিহত হওয়ার জন্য বৃহস্পতিবারই এক বক্তব্যে বিএনপিকে দায়ী করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা বলেন, “তারা [সরকার] এতোই লুটপাট করেছে যে, এখন মানুষ দেখলে ভীত হয়। এজন্য গুলি করে জনগণকে দাবিয়ে রাখতে চায় তাারা।” “আমরা কোনো রক্তপাত নয়, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এই সরকারের পতন ঘটাব।” সরকারকে ‘দমননীতির পথ’ থেকে সরে আসার আহ্বানও জানান খালেদা। গত ২৯ জানুয়ারি লক্ষ্মীপুর ও চাঁদপুরে বিএনপির গণমিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিতে মোট চার জন নিহত হয়। এর পরদিন বিএনপির জোট শরিক জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে রাজশাহীতে পুলিশের সঙ্গে গুলিতে মারা যায় আরো এক জন। লক্ষ্মীপুর-চাঁদপুরের ঘটনায় দুই জেলায় আড়াইশ বিএনপি নেতা-কর্মীকে আসামি করে পুলিশ দুইটি মামলা করে। হাই কোর্ট থেকে জামিনপ্রাপ্ত দুশ ৪৫ জন নেতা-কর্মী বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে তার গুলমানের কার্যালয়ে দেখা করেন। লক্ষ্মীপুর-চাঁদপুরের মৃত্যুর ঘটনায় পুলিশের করা দুই তদন্ত কমিটি লোক দেখান- এ মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সন বলেন, “এই তদন্ত কমিটি করা হয়েছে আরও বেশি করে দলের নেতা-কর্মীদের হয়রানি করার জন্য।” “আমরা সরকারকে বলে দিতে চাই, যারা মানুষের ওপর গুলি করেছে যেসব পুলিশ সদস্যদের চাকুরিচ্যুত করতে হবে। তাদের শাস্তি দিতে হবে।” নতুন নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে খালেদা বলেন, “এখন সরকার নির্বাচন কমিশন গঠনের খেলা শুরু করেছে। একটি আজ্ঞাবহ কমিশন গঠন করার জন্য তারা কাজ করছে। যাতে ওই কমিশন দিয়ে ইভিএম চালু করে আবার ক্ষমতায় যেতে পারে।” “যেকোনো উপায়ে ক্ষমতা যাওয়ার জন্যই সরকার জাতীয় নির্বাচনে ইভিএম চালু করতে চায়।” বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ চলতি মাসের মাঝামাঝি শেষ হতে যাওয়ায় সার্চ কমিটির মাধ্যমে নতুন কমিশন গঠন করছে সরকার। কমিটি রাজনৈতিক দলগুলোর কাছে কমিশনার পদে নাম চাইলেও বিএনপি এতে সাড়া দেয়নি। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ আরো কয়েকটি দল সার্চ কমিটিকে নামের তালিকা দিয়েছে। ২০১০ সাল থেকে স্থানীয় নির্বাচনে ভোট গ্রহণে চালু করা ইলেক্ট্রনিক ভোটিং মেশিন আগামী জাতীয় নির্বাচনেও ব্যবহারের পক্ষে বিদায়ী নির্বাচন কমিশন। আগামী ১২ মার্চ ঢাকার মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে খালেদা বলেন, “এর আগে আমি আরও কয়েকটি জনসভা করবো। এ সরকারকে গণঅভ্যুত্থানে হটানো হবে।” অনুষ্ঠানে অন্যদের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এবিএম আশরাফ উদ্দিন নিজান, নাজিম উদ্দিন আহমেদ, লক্ষ্মীপুর জেলা সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, চাঁদপুর জেলা সভাপতি মমিনুল হক ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/০০৪৭ ঘ.