২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সহযোগিতার হাত বাড়ালে তারা আঘাত করে’

বর্তমান সরকার শান্তিতে নয়, সংঘাতে বিশ্বাসী- এমন মন্তব্য করে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, এ সরকারের দিকে সহযোগিতার হাত বাড়ালে প্রতিদানে তারা আঘাত করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 10:28 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার শান্তিতে নয়, সংঘাতে বিশ্বাসী- এমন মন্তব্য করে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, এ সরকারের দিকে সহযোগিতার হাত বাড়ালে প্রতিদানে তারা আঘাত করে। কর ফাঁকির মামলায় সোমবার হাইকোর্ট থেকে জামিন নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমরা এখন রাজনৈতিক সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার পথে। বিরোধী দলীয় নেতা রাষ্ট্রপতির সংলাপে গিয়েছেন। আর তখন এই মামলা দায়ের করা হয়েছে। সরকার সেই পরিবেশ ইচ্ছা করে নষ্ট করতে চায়।” “অতীতেও দেখেছি, যখনই আমরা সহযোগিতার হাত বাড়াই, তখনই আঘাত আসে। এই সরকারের প্রথম দিকে আমাদের নেত্রী সংসদে দাঁড়িয়ে সহযোগিতার কথা বলেছিলেন। বিগত তিন বছরে আমরা আঘাত দেখেছি। কারণ সরকার শান্তি বিশ্বাস করে না। সংঘাতে বিশ্বাস করে”, যোগ করেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশন শাহ মোহাম্মদ ইত্তেদা হাসান রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে কর ফাঁকির এ মামলা দায়ের করেন। সোমবার হাইকোর্টে হাজির হয়ে তিনি দুই মাসের আগাম জামিন নেন । মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে অভিযোগ করে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, সরকার দিগি¦দিক জ্ঞানশূন্য হয়ে গেছে, বেপরোয়া হয়ে গেছে, ভারসাম্য হারিয়ে ফেলেছে। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এ মামলা করা হয়েছে। কর ফাঁকির অভিযোগে ২০০৮ সালে তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছিল উল্লেখ করে মওদুদ বলেন, সংবিধান অনুযায়ী একই অপরাধে এক ব্যক্তির বিরুদ্ধে দুইবার মামলা চলতে পারে না। আগের মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে বলে জানান তিনি। “রুল ও স্থগিতাদেশ থাকা সত্ত্বেও একই বিষয়ে আবার মামলা দায়ের হওয়ায় আদালত অবমাননা হয়েছে বলে আমি মনে করি। আমি মনে করি, এটা আদালত অবমাননার শামিল।” ব্যারিস্টার মওদুদ মনে করেন, খালেদা জিয়া ও তার ছেলেদের বিরুদ্ধে দায়ের মামলায় তিনি যাতে লড়তে না পারেন সেজন্যই করফাঁকির এ মামলা করা হয়েছে। তিনি বলেন, সরকার এ মামলা করে হীনমন্যতার পরিচয় দিয়েছে। তারা মনে করছে, বিরোধী দলকে দমন করতে পারলে আবার ক্ষমতায় আসতে পারবে। “কিন্তু মামলা দিয়ে বিরোধী দলকে দমন করা যায় না, আগরতলা মামলা থেকেই আওয়ামী লীগের তা শেখা উচিৎ ছিল।” এ মামলার কারণে ‘ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে’ উল্লেখ করে মওদুদ বলেন, “এ কারণে মানহানি মামলা দায়ের করবো কিনা, তা আমি ভেবে দেখছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৬১৯ ঘ.