চট্টগ্রাম, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে মন্তব্য করে বিরোধীদলীয় নেতা বলেছেন, সেই নির্বাচনে আওয়ামী লীগকেও আসতে হবে।
রোববার রাতে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় খালেদা জিয়া বলেন, “আর ঘুমিয়ে থাকার সময় নেই। চট্টগ্রামের জনসভা থেকে সরকার বিদায় করতে আমরা কর্মসূচি ঘোষণা করব।
“আওয়ামী লীগের মতো জ্বালাও-পোড়াও কর্মসূচি নয়, আমরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে সরকারকে হঠাতে কর্মসূচি দেব।’’
রোববার সকালে ঢাকা থেকে রোড মার্চ করে খালেদা জিয়া সন্ধ্যা ৬টায় ফেনী পৌঁছান। তিনি আধা ঘণ্টার জন্য ফেনী সার্কিট হাউজে যাত্রা বিরতি করেন। পরে সন্ধ্যা পৌনে ৭টায় জনসভায় বক্তব্য দেন তিনি।
খালেদা সোমবার বিকালে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে বক্তব্য দেবেন। রাত ১১টা ৪০ মিনিটে তার গাড়িবহর চট্টগ্রাম পৌঁছালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র এম মনজুর আলম তাকে স্বাগত জানান। মনজুর ২০১০ সালে বিএনপির সমর্থনে মেয়র নির্বাচনে জয়ী হন। খালেদা রোববার রাতে চট্টগ্রাম সার্কিট হাইজে থাকছেন।
ফেনীর জনসভায় খালেদা জিয়া বক্তব্য শুরু করেন সন্ধ্যা ৭টায়। ৪০ মিনিট স্থায়ী বক্তব্যে বিরোধীদলীয় নেতা সরকারের বিরুদ্ধে ব্যর্থতা, অপশাসন, দুর্নীতি, নতাজানু পররাষ্ট্রনীতি, গুপ্তহত্যাসহ বিভিন্ন অভিযোগ এনে সমালোচনা করেন।
তিনি বলেন, “সরকার সংবিধান সংশোধন করে একদলীয়ভাবে নির্বাচন করতে চায়। বিরোধী দলকে বাদ দিয়ে নির্বাচন করা হলে তা গ্রহণযোগ্য হবে না। দেশ ও বিদেশেও সেই নির্বাচন মেনে নেবে না।”
“আওয়ামী লীগ জানে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তাদের ভরাডুবি হবে। তাই আমরা বলে দিতে চাই- দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না।”
“আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই। সেই নির্বাচনে আওয়ামী লীগকেও আসতে হবে,” যোগ করেন খালেদা জিয়া।
খালেদার নির্বাচনী এলাকায় (ফেনী-১ আসন) জনসভায় নারী-শিশুর উপস্থিতি ছিলো বেশি। ‘ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা’- এ স্লোগানে মাঠ প্রাঙ্গণ ছিলো সরব।
বর্তমান সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার পর থেকেই বিএনপি ও সমমনা দলগুলো আন্দোলন চালিয়ে আসছে। ওই ব্যবস্থা ফেরানোর দাবিতে গত অক্টোবর মাসে সিলেট ও উত্তরাঞ্চলের চাঁপাই নবাবগঞ্জ এবং নভেম্বরে খুলনা অভিমুখে রোড মার্চ করেন বিএনপি চেয়ারপার্সন। ৬ বিভাগেই রোড মার্চ করার ঘোষণা থাকলেও পরে রংপুর ও বরিশালের কর্মসূচি বাতিল করা হয়।
“আওয়ামী লীগের অপকর্মের কারণে ১৯৯৬ সালে ২১ বছর পর ক্ষমতায় এসেছিলো” মন্তব্য করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, “এবার যে অবস্থার সৃষ্টি করেছে, আগামীতে ৪১ বছরেও আর তারা ক্ষমতায় আসতে পারবে না।”
আগামীতে ক্ষমতায় গেলে দেশে সুশাসন প্রতিষ্ঠা, গ্রাম কেন্দ্রীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ বিভিন্ন প্রতিশ্র“তি কথা তুলে ধরেন খালেদা জিয়া।
কৃষকরা উৎপাদিত পণ্যের মূল্য পাচ্ছে না দাবি করে এ জন্য সরকারকে অভিযুক্ত করেন তিনি।
আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে উল্লেখ করেন খালেদা জিয়া।
জনসভায় বক্তব্য শেষে খালেদা চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ পুনরায় শুরু করেন।
চট্টগ্রাম সার্কিট হাউজে বিরোধীদলীয় নেতাকে অভ্যর্থনা জানান চট্টগ্রাম রোড মার্চ সমন্বয়কারী এমকে আনোয়ার, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, মহানগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, উত্তরের সভাপতি গিয়াস কাদের চৌধুরী, দক্ষিণের সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে রোববার সকাল ১১টায় রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে চট্টগ্রাম অভিমুখে এই রোড মার্চ শুরু করেন বিএনপি চেয়ারপার্সন। সায়েদাবাদ, ডেমরা দিয়ে কাঁচপুর ব্রিজ পর্যন্ত ব্যাপক যানজটে রোড মার্চের বিশাল গাড়িবহর চান্দিনার প্রথম জনসভায় পৌঁছাতে খালেদা জিয়ার সাড়ে তিন ঘণ্টা সময় লাগে।
ফেনী পর্যন্ত একশ কিলোমিটার পথে খালেদা জিয়া চান্দিনায় দুইটি, নিমসার বাজারে একটি, কুমিল্লার পদুয়ায় ট্রাক স্ট্যান্ডে পথসভায় বক্তব্য দেন। ঢাকা থেকে ফেনী পর্যন্ত সায়েদাবাদ, ডেমরা, শনির আখড়া, কাঁচপুর ব্রিজ, সোনারগাঁও, মদনপুর, ববের চর, মেঘনা ব্রিজ, দাউদকান্দি, চান্দিনা, নিমসার বাজার, কুমিল্লা সেনানিবাস, পদুয়ার বাজার, মিয়া বাজার, চৌদ্দগ্রাম, চিওড়া প্রভৃতি স্থানে হাজার হাজার মানুষের ঢল নামে। কুমিল্লার পর থেকে বৃষ্টি নামলেও মানুষের ঢল কমেনি।
রোড মার্চ উপলক্ষে পথে শতাধিক স্বাগত তোরণ নির্মাণ করা হয়। এসব তোরণে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি টানানো ছিলো।
ঢাকা থেকে চট্টগ্রাম ছিল বিএনপির চতুর্থ রোড মার্চ। এর আগে গতবছরের অক্টোবর সিলেট, চাঁপাই নবাবগঞ্জ এবং নভেম্বরে খুলনা অভিমুখে রোড মার্চ করে বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/০০১২ ঘ.
bdnews24