নাটোর, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা আদায়ের সময় নাটোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
বৃহষ্পতিবার রাতে নাটোর শহরের আলাইপুর থেকে তাকে আটক করা হয়।
নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, গত কয়েকদিন ধরে কিছু সন্ত্রাসী শহরের উত্তরা সুপার মার্কেটের ভৌমিক হোমিও হলের মালিক সুবাস কুমার ভৌমিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল।
চাঁদা দিতে না চাইলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। তিনি বৃহষ্পতিবার রাত ৮টার দিকে শহরের আলাইপুরে বিদ্যুৎ অফিসের পাশে চাঁদার টাকা পরিশোধে রাজি হন। এরপর বিষয়টি তিনি পুলিশকে জানিয়ে রাখেন।
রাতে তিনি সেখানে গেলে চাঁদা আদায়কারীরা সেখানে আসে এবং অস্ত্রের মুখে চাঁদা আদায়ের চেষ্টা করে। এ সময় পুলিশ হাতেনাতে দুই যুবককে আটক করে জানিয়ে ওসি বলেন, “এরা হলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম ওরফে আতিক এবং তার একজন সহযোগী।”
এ ঘটনায় হোমিও হলের মালিক সুবাস কুমার ভৌমিক মামলা করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
আতিকের সাংগঠনিক পরিচয় নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “এ ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24