২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধ' বিচারের সমালোচনায় খালেদা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত ট্রাইবুনালের সমালোচনা করে আটক বিএনপি ও জামায়াতনেতাদের মুক্তি চেয়েছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 02:23 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত ট্রাইবুনালের সমালোচনা করে আটক বিএনপি ও জামায়াতনেতাদের মুক্তি চেয়েছেন খালেদা জিয়া। তিনি দাবি করেছেন, "যুদ্ধাপরাধীর বিচারের নামে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা চলছে।" মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালকে 'দলীয় ট্রাইবুনাল' হিসেবে অভিহিত করে খালেদা বলেন, "এখানে ন্যায় বিচার হবে না।" "তাই জামায়াতসহ আমার দলের যাদের আটক করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে।" নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে মঙ্গলবার এক জনসমাবেশে এসব কথা বলেন দলটির চেয়ারপার্সন খালেদা। এ জনসভা বিএনপি ডাকলেও এটি চারদলীয় জোটের কর্মসূচিতে পরিণত হয়। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর থেকে তারা একই দিনে একই কর্মসূচি আলাদাভাবে তারা পালন করে আসছিল। জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক রয়েছেন। জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আবদুল আলীম মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক হলেও তিনি জামিনে রয়েছেন। এদের মধ্যে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না তার সিদ্ধান্ত হবে ৩ অক্টোবর। বিএনপি যুদ্ধাপরাধের বিচার চায় বলেও সমাবেশে মন্তব্য করেন খালেদা জিয়া। তিনি বলেন, "অবশ্যই তা আন্তর্জাতিক ট্রাইবুনালে আন্তর্জাতিক মানের বিচার হতে হবে। আওয়ামী লীগের যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে।" ১৯৭১ এর মানবতাবিরোধী অপরাধ বিচারে গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল, আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থা গঠন করে সরকার। চারদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতকে সমাবেশ-মিছিল 'না করতে দেওয়ার' সমালোচনা করে খালেদা বলেন, "তারা (জামায়াত) কোনো নিষিদ্ধ সংগঠন নয়। তারা নির্বাচন কমিশনে নিবন্ধিত দল। তারপরও কেন তাদের ওপর এতো নির্যাতন। জামায়াতকে সমাবেশ ও মিছিল করতে দেয়া হচ্ছে না।" গত ১৯ সেপ্টেম্বর দলীয় কর্মসূচি পালনের সময় ঢাকাসহ সারা দেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাংচুর ও গাড়িতে অগ্নিকাণ্ডে লিপ্ত হয় জামায়াত ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির। এতে ৫০ জন পুলিশ আহত হয়। পোড়ানো হয় পুলিশের গাড়িসহ ১৫টি যানবহান। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জামায়াতকে আর ধ্বংসাত্মক কার্যক্রম ও ভাংচুর করতে দেওয়া হবে না। ১৯৯৬ সালের আগে জামায়াতকে নিয়ে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তোলার প্রসঙ্গটি উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, "তখন এক সঙ্গে মতিউর রহমান নিজামী সাহেবসহ আজকের প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছেন। রাষ্ট্রের অনেক সম্পদ বিনষ্ট করেছেন তারা। ওই আন্দোলনে অনেক মানুষ হত্যা হয়েছে।" "তখন নিজামী সাহেব আওয়ামী লীগের কাছে যুদ্ধারাধী ছিলেন না। এখন তিনি তাদের কাছে যুদ্ধাপরাধী হয়ে গেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০২০ ঘ.