ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানকে ভয় পায় সরকার, তাই তার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে- এ কথা বলেছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক।
২১ অগাস্টের গ্রেনেড হামলার মামলায় খালেদার বড় ছেলে তারেককে আসামি করার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
লণ্ডনে অবস্থারনত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেকসহ ৩০ জনকে আসামির তালিকায় যোগ করে রোববার আদালতে সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এরপর তারেকসহ ১৮ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি হয়।
সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ বলেন, "তারেক রহমানকে ভয় পায় বলে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।"
তারেকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে আন্দোলনের লাগাতার কর্মসূচি চলবে।
'খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ' নামে একটি সংগঠন এ মানববন্ধন কর্মসূচি ডাকে। জরুরি অবস্থায় খালেদা ও তারেক গ্রেপ্তার হওয়ার পর এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
মুদ্রাপাচার মামলায় কয়েক সপ্তাহ আগেই আরাফাত রহমান কোকোকে কারাদণ্ড দেওয়ার বিষয়টি তুলে ধরে বিএনপির প্রচার সম্পাদক ফারুক বলেন, খালেদা জিয়ার মনোবল ভেঙে দিতে তার ছেলেদের মামলায় জড়ানো এবং সাজা দেওয়া হচ্ছে।
"তবে এভাবে মামলা-সাজা দিয়ে খালেদা জিয়াকে আন্দোলন থেকে সরানো যাবে না", বলেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি পুনরায় বহাল রাখার দাবিও জানান ফারুক।
তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ নেতা উল্লেখ করে কর্মসূচিতে অংশ নেওয়া আমানউল্লাহ আমান বলেন, "মিথ্যা মামলা দিয়ে তারেককে দেশে আসতে বাধা দেওয়া হচ্ছে। তারেক রহমানের কিছু হলে পরিণতি শুভ হবে না।"
মানববন্ধনে বিএনপি নেতাদের মধ্যে অংশ নেন শামসুজ্জামান দুদু, এম ইলিয়াস আলী, গোলাম আকবর খন্দকার, শিরিন সুলতানা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩২০ ঘ.
bdnews24