ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখার দাবিতে টানা আন্দোলনের হুমকি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "সরকার পদত্যাগের পর আলাপ-আলোচনার মাধ্যমে সবপক্ষের মতামত নিয়ে একটি গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। একইভাবে গঠন করতে হবে একটি নিরপেক্ষ ও শত্তিশালী নির্বাচন কমিশন।
"সেই সরকার ও কমিশনের অধীনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তারাই দলীয়করণকৃত প্রশাসনকে ঢেলে সাজিয়ে নিরপেক্ষ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবে।"
সরকার পদত্যাগ না করলে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের উদ্যোগ থেকে সরে না আসলে জনগণকে সঙ্গে নিয়ে আগামীতে 'আরও কঠোর ও টানা আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে সতর্ক করেন সংসদে প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপার্সন খালোদ জিয়া।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলে সরকারের অবস্থানের বিপরীতে বিএনপির অবস্থান তুলে ধরতে গুলশানে খালেদার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়া ৩০ মিনিট বক্তব্য দেন। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন।
'ফল আঁচ করতে পেরে তত্ত্বাবধায়ক বাতিলের চেষ্টা'
বিএনপি চেয়ারপার্সন বলেন, নির্বাচনের আগে দেওয়া কোনো প্রতিশ্র"তি আওয়ামী লীগ রাখেনি। প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে তারা।
"এটা প্রধানমন্ত্রীও বুঝতে পারছেন। তাই ফলাফল বুঝতে পেরে দলীয় সরকারের অধীনে নির্বাচনের পাঁয়তারা চলছে।"
এর মাধ্যমে সরকার দেশকে আবার এক গভীর সঙ্কটময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন খালেদা।
আদালতের রায় মেনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের যে কথা সরকার বলছে, তারও সমালোচনা করেন তিনি।
খালেদা বলেন, সংবিধান সংশোধনের দায়িত্ব পুরোপুরি সংসদের।
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে দেড় দশক আগে আওয়ামী লীগের আন্দোলনের কথাও তুলে ধরেন বিএনপি চেয়ারপার্সন।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পরিকল্পনার প্রতিবাদে বিএনপি রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
খালেদা বলেন, দেশ ও জনগণের স্বার্থে এ হরতাল ডাকা হয়েছে।
'দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়'
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা বাতিল করার বিষয়ে জনগণের কোনো অনুমোদন নেয়নি সরকার- এ মন্তব্য করে খালেদা জিয়া বলেন, কাজেই আদালতের রায় কিংবা অন্য কোনো অজুহাতে দলীয় সরকারের অধীনে নির্বাচন দেশবাসী মেনে নেবে না। আমরা মানব না।'
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তার দলের ডাকা রোববারের হরতাল সফল করার আহ্বান জানিয়ে বলেন, "এ হরতাল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দলীয় সরকারের অধীনে প্রহসনের নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগে বিরুদ্ধে ও মানুষের ভোটাধিকার রক্ষার পক্ষে।"
হরতালকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানির নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তিও দাবি করেন তিনি।
সংসদে আসার প্রধানমন্ত্রীর আহবান নাকচ করে দিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেন, "প্রধানমন্ত্রী একেক সময়ে একেক রকম কথা বলেন। বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করে ফয়দা হাসিল করতে চাইছে তিনি।
"বিতর্কিত রায়ের সুতা ধরে প্রধানমন্ত্রী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার কোনো সুযোগই নেই। আবার বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে তিনি (শেখ হাসিনা) বিরোধী দলকে সংসদে এসে মতামত দেওয়ার আহবান জানাচ্ছেন। কোনো সুযোগই যদি না থাকে তাহলে বিরোধী দলের মতামত দিয়ে লাভ কী?"
সংসদে বিরোধী দলকে কথা বলতে দেওয়া হয় না বলে অভিযোগ করেন খালেদা।
'খায়রুল হক বিতর্কিত ব্যক্তি'
খালেদা বলেন, "সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে একজন বিতর্কিত ব্যক্তি। তার কাছ থেকে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও আমি ন্যায়বিচার পাইনি।"
মুন সিনেমা হলের মালিকানা সংক্রান্ত একটি রায়ে তিনি পঞ্চম সংশোধনীকে অবৈধ ঘোষণা করেন- এ কথা উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সন বলেন, "আওয়ামী লীগের প্রতি অনুরাগ ও বিএনপির প্রতি বিরাগের বশবর্তী হয়ে তিনি এই রায় দিয়েছেন। অর্থাৎ খায়রুল হক কোনোভাবে নিরপেক্ষ ব্যক্তি নন।"
'ডিজিটাল কারচুপির ষড়যন্ত্র'
আগামীতে আবার ক্ষমতায় যেতে দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান এবং ইলেক্ট্রনিক ভোটিং পদ্ধতির মাধ্যমে ভোট কারচুপির ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন খালেদা জিয়া।
তিনি বলেন, "নির্বাচনকে প্রহসনে পরিণত করে প্রধানমন্ত্রী আবারো ক্ষমতায় ফিরে আসতে চান। তারা কেবল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দেওয়াই নয়, তথাকথিত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের নামে প্রধানমন্ত্রী মেকানিক্যাল বা ডিজিটাল কারচুপি করে জনগণের ভোটের রায় পাল্টে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।"
এক প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই। সংবিধানের বিদ্যমান ব্যবস্থা বহাল রাখলে সব সমস্যার সমাধান হবে। আলোচনার অর্থ সময় ক্ষেপণ করা।"
সরকারের শুভ বুদ্ধির উদয় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
'ওই ব্যবসায়ী নেতা আ. লীগের ক্যাডার'
এক প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, "হরতালের কর্মসূচি গণতন্ত্রকে রক্ষার জন্য। ব্যবসায়ীদের তরফ থেকে হরতালের বিপক্ষে যে ব্যবসায়ী নেতা বক্তব্য রেখেছেন, তিনি আওয়ামী লীগের ক্যাডার। তার কথার কোনো মূল্য আছে কী?"
তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের প্রতিবাদে বিএনপির ডাকা হরতাল প্রত্যাহারে শুক্রবার আহ্বান জানান বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি একে আজাদ।
১/১১-এর জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দায়ী- প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুক্রবার তোলা এই অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
তিনি বলেন, "১/১১ ছিলো দীর্ঘদিনের ষড়যন্ত্রের ফসল। এর পেছনে আওয়ামী লীগ জড়িত ছিলো। ফখরুদ্দীন-মইনুদ্দীন আওয়ামী লীগের সঙ্গে সর্ম্পক রেখেই দেশের ওই পরিস্থিতি সৃষ্টি করেছিলো। তাই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে বির্তক নেই।"
ত্রয়োদশ সংশোধনী বাতিল বিষয়ে সুপ্রিম কোর্টের রায়কে দ্বি-বিভক্ত উল্লেখ করে খালেদা জিয়া বলেন, "এই রায় জনগণ ও সংসদের জন্য বাধ্যতামূলক নয়। রায়ের দোহাই দিয়ে সরকার যা করতে চাচ্ছে, তা নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার উদ্দেশ্য নিয়ে করছে।"
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, এমকে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/পিডি/২১৪৭ ঘ.
bdnews24