সিরাজগঞ্জ, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে বিএনপি তাতে অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, "আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতেই হতে হবে। নিরপেক্ষ ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও নির্বাচন কমিশনের দায়িত্ব দিতে হবে। এ পদ্ধতি জনগণ গ্রহণ করেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া বিএনপি আগামীতে কোনো নির্বাচনে অংশ নেবে না।"
শনিবার নিজ এলাকা ঠাকুরগাঁও যাওয়ার পথে সিরাজগঞ্জ সদরের হাটিকুমরুল মোড়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবুসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ফখরুল বিকাল ৩টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পুরাতন শহীদ মিনার চত্ত্বরে এক সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন।
সেখানে তিনি মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে বলেন, "এটা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। এই সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। জনগণ কষ্ট পাচ্ছে। জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য মধ্যবর্তী নির্বাচনের দাবি যুক্তিসঙ্গত।
সব ক্ষেত্রে 'ব্যর্থ' এই সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে কোনো বিল পাস করলে তাতে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে না বলেও মন্তব্য করেন তিনি।
সা
bdnews24