চট্টগ্রাম, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে এবার ১০ ট্রাক অস্ত্র মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।
তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান চৌধুরীর আবেদনে চট্টগ্রাম মহানগর হাকিম হুসাইন মো. ফজলুল বারী বুধবার নিজামীকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। এই ঘটনায় কর্ণফুলী থানা পুলিশ বাদি হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দুটি মামলা করে।
কর্ণফুলি ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) ঘাটে যখন অস্ত্র আটক হয়, তখন নিজামী ছিলেন শিল্পমন্ত্রী। ফলে এ বিষয়ে তার কিছু জানা রয়েছে বলে তদন্ত কর্মকর্তা মনে করছেন।
চট্টগ্রাম মহানগরের অতিরিক্ত পিপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম সেন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিজামীকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছে আদালত।
এছাড়া ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে নিজামীকে জিজ্ঞাসাবাদের অনুমতিও তদন্ত কর্মকর্তা পেয়েছেন বলে জানান তিনি।
নজরুল সাংবাদিকদের বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন সিইউএফএল জেটি ঘাটে অস্ত্র খালাসের ঘটনার সময় নিজামী শিল্পমন্ত্রীর দায়িত্বে থাকা সত্ত্বেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এছাড়া তিনি অনেককে বাঁচানোর চেষ্টা করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে।
১০ ট্রাক অস্ত্র মামলায় সাক্ষী হিসেবে আদালতে দেওয়া অনেকের জবানবন্দিতে নিজামীর নাম উঠে এসেছে, বলেন তিনি।
তৎকালীন শিল্প সচিব শোয়েব আহমেদ এবং বিসিআইসি'র সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমামুজ্জামান গত বছর পৃথকভাবে আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দিতে অস্ত্র খালাসকালীন সময়ে মন্ত্রী হিসেবে নিজামীর ভূমিকা সম্পর্কে বক্তব্য দিয়েছিলেন।
আলোচিত এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও এনএসআই'র সাবেক দুই প্রধানসহ ১০ জন কারাগারে আটক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮০০ ঘ.
bdnews24