ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধন নিয়ে সরকারের বিরুদ্ধে 'সমন্বয়হীনতার' অভিযোগ তুলেছে বিএনপি।
মঙ্গলবার বিকালে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ অভিযোগ করেন।
তিনি বলেন, "প্রধানমন্ত্রী বলছেন, সংসদে সংবিধান সংশোধন হবে। অন্যদিকে আইনমন্ত্রী বলছেন, মুদ্রিত সংবিধানই বর্তমান সংবিধান। এ থেকে বুঝা যায়- সরকার সমন্বয়হীনতায় ভুগছে। মুদ্রিত সংবিধানই কার্যকর থাকলে বিশেষ কমিটির দরকার কি।"
সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি মঙ্গলবার দেশের বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করে।
বিশেষ কমিটির এসব বৈঠককে 'অর্থহীন' বলে আখ্যায়িত করেন মওদুদ।
বিশেষ কমিটির সঙ্গে গত ২৫ এপ্রিলের বৈঠকে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া যোগ দেননি।
রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস মহানগর (উত্তর) এই আলোচনা সভার অঅয়োজন করে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিজয়ী কর্মকর্তাদের সংবর্ধনা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে ১৪ টি পদের মধ্যে ১১টিতে জাতীয়তাবাদী প্যানেল বিজয়ী হয়।
আলোচনার শুরুতে সংগঠনের পক্ষ থেকে কর্মকর্তাদের ক্রেস্ট দেওয়া হয়।
সাবেক আইনমন্ত্রী মওদুদ মুদ্রিত সংবিধান নিয়েও প্রশ্ন তোলেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, আদালতের রায়ে সংবিধান প্রণয়ন হয় না। সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ দলিল। তা সংশোধন করতে হলে সংসদেই করতে হবে। কারণ, জনগণই ক্ষমতার উৎস।
আইনমন্ত্রী শফিক আহমেদের বক্তব্যের জবাবে তিনি বলেন, তার (আইনমন্ত্রী) কথা অনুয়ায়ী, আদালতের রায় অনুযায়ী সংবিধান মুদ্রিত হলে, জনগণই ক্ষমতার উৎস- সংবিধানের এই মৌলিক অনুচ্ছেদ আর কার্যকর থাকে না।
"সুপ্রিম কোর্ট রায় দিলে আইন হয়। উচ্চ আদালতের রায় নিু আদালতের জন্য বাধ্যতামূলক। কিন্তু জনগণের জন্য নয়। এজন্য রাজনৈতিক সংবেদনশীল অমীমাংসিত বিষয়ে উচ্চ আদালতের জড়ানো ঠিক নয়," বলেন এই বিএনপি নেতা।
মওদুদ আরো মনে করেন, আল্লাহ ওপর আস্থার বদলে ধর্মনিরপেক্ষতা কিংবা জাতির পিতা বা স্বাধীনতার ঘোষক কে হবেন, তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না- এসব বিষয়ে সুপ্রিম কোর্টের জড়ানো উচিৎ নয়।
সেইসঙ্গে তিনি অভিযোগ করেন যে, সরকার বিতর্কিত বিষয়গুলো সুপ্রিম কোর্টে নিয়ে উচ্চ আদালতকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে।
সুপ্রিম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করেন, সরকার জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছে। ভবিষ্যতে আবারো জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এর প্রতিবাদ জানাবে।
জাসাস মহানগর সভাপতি মীর সানাউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক বদরুদ্দোজা বাদল, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা'র সভাপতি শফিউল আলম প্রধান, জাসাস সভাপতি এম এ মালেক, উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার, সহসভাপতি ইমতিয়াজ আহমেদ চপল, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ফয়েজ, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, হান্নান নাসির মাসুদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম এ কাইয়ুম প্রমুখ বক্তব্য রাখেন।
পরে শিল্পী ফরিদা পারভিনসহ জাসাসের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৪৮ ঘ.
bdnews24