২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘু নির্যাতন জড়িত বিএনপি-জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা

বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় কয়েকজন নেতার প্রত্যক্ষ মদদে ২০০১ সালের নির্বাচনোত্তর সহিংস ঘটনা ঘটেছে বলে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে। জানাচ্ছেন প্রদীপ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 12:59 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

প্রদীপ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় কয়েকজন নেতার প্রত্যক্ষ মদদে ২০০১ সালের নির্বাচনোত্তর সহিংস ঘটনা ঘটেছে বলে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে। রোববার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিশনের সদস্য সচিব একেএম মনোয়ার হোসেন আখন্দ। ঘটনার প্রায় সাড়ে ৯ বছর এবং কমিশন গঠনের প্রায় সোয়া এক বছর পর তদন্ত প্রতিবেদন জমা পড়লো। একটি মানবাধিকার সংগঠনের আবেদনে হাইকোর্টের নির্দেশে ২০০৯ সালের ২৭ ডিসেম্বর অবসরপ্রাপ্ত জেলা জজ মুহাম্মদ সাহাবুদ্দিন চুপপুকে প্রধান করে তিন সদস্যের ওই বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়। পরের বছর ফেব্র"য়ারির প্রথম সপ্তাহে রাজধানীর সার্কিট হাউস রোডের কার্যালয়ে কমিশন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। প্রতিবেদনে বিএনপি নেতাদের মধ্যে যাদের নাম এসেছে, তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, সহসভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সহসভাপতি ও সাবেক পানিসম্পদমন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম, ফেনীর সংসদ সদস্য জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), সাবেক উপমন্ত্রী নাটোরের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সংসদ সদস্য মো. আব্দুল হাফিজ, বাগেরহাটের এমএ সেলিম (সিলভার সেলিম), পাবনার সেলিম রেজা হাবিব প্রমুখ। এছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, যশোরের সাখাওয়াত হোসেনের সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে তদন্তে। সহিংস ঘটনার সঙ্গে জড়িত বিএনপি ও জামায়াতে ইসলামীর এসব নেতাসহ অন্যদের প্রচলিত আইনে বিচার করার জন্য সুপারিশ করেছে কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, "ওই সময় ক্ষমতাসীন রাজনৈতিক দলের অবৈধ প্রভাবে অধিকাংশ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিরা চিহ্নিত দলীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় বা আদালতে অভিযোগ দায়ের করতে পারেনি বা থানা অভিযোগ নেয়নি। কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ করা সম্ভব হলেও রাজনৈতিক প্রভাবে সঠিক তদন্ত না করেই আসামিদের অব্যাহতিসহ চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। "আদালতেও চাপ প্রয়োগ করে দলীয় লোক বিবেচনায় অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিচারকালে সাক্ষীদের আদালতে হাজির হতে দেওয়া হয়নি। হুমকির মুখে মামলা প্রত্যাহারে বাদিকে বাধ্য করা হয়েছে।" "গণহারে ওই সময় সরকার কথিত রাজনৈতিক মামলা বিবেচনা করে ৫৮৯০টি মামলা প্রত্যাহার করে নেয়। এছাড়াও ৯৪৫টি মামলা থেকে বেছে বেছে বিএনপি-জামায়াতের ক্যাডারদের নাম প্রত্যাহার করে নেওয়া হয়।" এসব কারণে সহিংসতার শিকার ব্যক্তিরা আইনের আশ্রয় নেওয়া বা আদালতে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফৌজদারি আইনে কোনো অপরাধই তামাদি হয় না উল্লেখ করে তদন্ত প্রতিবেদনে এ বিষয়ে কিছু সুপারিশ এসেছে। যেসব ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে সেগুলোর বিষয়ে পুলিশি তদন্ত করে অভিযোগপত্র দেওয়ার পাশাপাশি মামলাগুলো রিভিশন বা আপিল করার সুপারিশ করেছে কমিশন। "ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ধর্মীয় সংখ্যালঘুদের আইন ও রাষ্ট্রের প্রতি আস্থা ফিরিয়ে আনতে অপরাধীদের বিচার করতেই হবে", বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এমআই/১৮৫০ ঘ.