মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের ফল ঘোষণা নিয়ে সহিংস ঘটনার জন্য বিএনপির দুই জ্যেষ্ঠ নেতার বক্তব্যকে দায়ী করেছে নির্বাচন কমিশনের (ইসি) তদন্ত কমিশন।
বুধবার নির্বাচন কমিশনের সভায় এ প্রতিবেদন উপস্থাপন করা হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী এবং বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর নির্বাচনী এজেন্ট ও নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী ভোটের পর বিভিন্ন গণমাধ্যমে যে 'বক্তব্য' দেন, তার কারণে ওই সহিংসতা ঘটে।
ভোট শেষে ফল ঘোষণার এক পর্যায়ে ওই দুই নেতা গণমাধ্যমে বলেন, বিএনপি সমর্থিত প্রার্থী জিতে গেছে, তবে অন্যরা কারচুপি করে ফল পাল্টে দিতে পারে। এ ধরনের আগাম বক্তব্য গণমাধ্যমে না দিলে সহিংসতা এড়ানো যেতো বলে মনে করেছে তদন্ত কমিশন। এ কারণে আগামীতে প্রার্থী ও তাদের সমর্থক নেতাদের বক্তব্য দেওয়ার ওপর সতর্কতা জারির সুপারিশ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে।
'কমিশন অব ইনকোয়ারি'র একমাত্র সদস্য তৎকালীন নারায়াণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. জহুরুল হক ২১ পৃষ্ঠার এ প্রতিবেদন মার্চের শেষ সপ্তাহে ইসিতে জমা দেন।
মো. জহুরুল হক (বর্তমানে ঢাকার মহানগর দায়রা জজ) বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচনী সহিংসতার কারণ জানতে নির্ধারিত কর্মপরিধি (টার্মস অফ রেফারেন্স) অনুসরণ করে সরেজমিন অনুসন্ধান তদন্ত করা হয়েছে। এ লক্ষ্যে বিজয়ী ও বিজিত প্রার্থী এবং রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, ম্যাজিস্ট্রেটসহ ১৯ জনের সাক্ষ্য নিয়েছেন তিনি।
জহুরুল বলেন, "ঘটনার পেছনের বিষয়টি উল্লেখ করে আগামীতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কিছু সুপারিশ করেছি।"
গত বছর ১৭ জুন সিসিসি নির্বাচনে ৪১টি ওয়ার্ডের ৬৭৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৬০-৬৫ কেন্দ্রের ফলাফল ঘোষণার পর বাকি কেন্দ্রের ফল ঘোষণা করতে দেরি হয় এবং এম এ আজিজ স্টেডিয়ামে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ের বাইরে সহিংস ঘটনা ঘটে। এ বিষয়ে ২২ জুন 'কমিশন অব ইনকোয়ারি'র গঠনের উদ্যোগ নেয় ইসি।
১১ জুলাই গেজেটে প্রকাশিত তদন্ত কমিশন গঠনের ওই প্রজ্ঞাপন গত ২৯ আগস্ট ইসিতে আসে। এরপর ১৯ সেপ্টেম্বর কমিশনের কর্ম পরিধি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে ইসি।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সে সময় জানান, আগামীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে এবং দোষীদের চিহ্নিত করা হবে।
ওই নির্বাচনে সিসিরি আগের মেয়র মহিউদ্দিন চৌধুরীকে ৯৫ হাজার ৫১৮ ভোটে পরাজিত করেন উত্তর কাট্টলি ওয়ার্ডের তিনবারের কাউন্সিলর মনজুর আলম।
নির্বাচন কমিশনের উপ সচিব (আইন) হেলাল চৌধুরী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কমিশন তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করছে। ফল ঘোষণাকে কেন্দ্র করে অনাকাঙ্খিত ঘটনা এড়োনোর বিষয়ে ভবিষ্যতে সতর্ক পদক্ষেপ নিতে প্রতিবেদনের কিছু গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ নিয়ে আরো এক দফা আলোচনা করবে ইসি।
তদন্ত কমিশনের মতামত
সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করে তদন্ত কমিশন প্রতিবেদনে জানিয়েছে, ভোটের বিদ্যমান পদ্ধতির কারণেই ফল প্রকাশে দেরি হয়েছে। প্রার্থীরা মোবাইল ফোনে ফল সঙ্গে সঙ্গে পেয়ে যান, কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফল আসতে দেরি হয়।
'রিটার্নিং অফিসে লোকবলের স্বল্পতা ও অনভিজ্ঞতার কারণে ফল প্রকাশে দেরি হয়ে যায়' বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আর সহিংসতার জন্য সাকা চৌধুরী ও আমির খসরু মাহমুদ চৌধুরীর উস্কানিমূলক বক্তব্যকেই দায়ী করেছে কমিশন।
'বিভিন্ন সাক্ষ্য হতে প্রমাণিত হয়েছে- মিডিয়াতে দুইজন গুরুত্বপূর্ণ নেতার বক্তব্যের কারণে মনজুর আলমের সমর্থকরা রিটার্নিং অফিসের কাছে একত্রিত হন এবং ফলাফল বিলম্বিত হওয়ায় উত্তেজিত হয়ে কথিত সহিংস ঘটনা ঘটায়। এ ঘটনার জন্য সাকা চৌধুরী ও আমির খসরু এবং তাদের সমর্থকরাই দায়ী।'
রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে যথেষ্ট নিরাপত্তা থাকলেও ঘটনার আকস্মিকতায় ও সংশ্লিষ্টদের অনভিজ্ঞতায় সহিংস ঘটনা এড়ানো যায়নি বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
তদন্ত কমিটি মনে করে, নির্বাচনে নিয়োজিত আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা যথাযথ দায়িত্ব পালন করেছেন। তবে অভিজ্ঞতার অভাবে ও লোকবল স্বল্পতায় কিছুটা অনিয়ম হয়েছে।
'রিটার্নিং কর্মকর্তা অস্থায়ী কার্যালয়ের ভেতরে থেকে জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ না করায় তার পক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া সম্ভব হয়নি।'
তবে ঘটনার পর সব জেনে আইন শৃঙ্খলাবাহিনী রিটার্নিং কর্মকর্তাকে সহযোগিতা করতে এসেছিল বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
এতে বলা হয়েছে, 'সাক্ষ্য হতে প্রমাণিত হয়েছে- নির্বাচনকালীন নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালন যথার্থ ছিল। নির্বাচন পরবর্তী সময়ে ম্যাজিস্ট্রেটদের কোনো দায়িত্ব না থাকায় সহিংস ঘটনায় তাদের করণীয় কিছু ছিল না।'
সুপারিশ
ইসিতে লোকবল বাড়িয়ে তাদের প্রশিক্ষণ দিয়ে অভিজ্ঞ করে তোলার সুপারিশ করা হয়েছে তদন্ত কমিশনের প্রতিবেদনে। এতে বলা হয়েছে, অভিজ্ঞ লোক দিয়ে নির্বাচন পরিচালনা করা হলে ভোট আরো ফলপ্রসূ হবে।
এ ছাড়া ফল ঘোষণায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুপারিশ করে প্রতিবেদনে বলা হয়েছে, ই ভোট চালু করা গেলে অনিয়ম অনেকাংশে কমে যাবে।
দেশে প্রথমবারের মতো সিসিসি নির্বাচনে একটি ওয়ার্ডে ইভিএম মেশিন ব্যবহার করে ই ভোট নেওয়া হয়। ওই ওয়ার্ডের ভোট গণনা ও ফল প্রকাশও দ্রুততর হয়।
নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রার্থী বা নেতাকর্মীর বক্তব্য মিডিয়াতে আসা উচিত নয় বলেও মন্তব্য করেছে তদন্ত কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২১২৬ ঘ.
bdnews24