২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার অঙ্গীকার হাসিনার

স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে তা বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2011, 08:06 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে তা বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে দেশবাসীর উদ্দেশে তিনি বলেছেন, "আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, যেনো ক্ষুধা ও দারিদ্রে দেশ জর্জরিত না হয়। আমরা যেনো বিশ্ব সভায় নিজেদের স্থান করে নিতে পারি।" স্বাধীনতা দিবসে উপলক্ষে শনিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর সমাবেশে হাসিনা এ কথা বলেন। ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুকও এ অনুষ্ঠানে অংশ নেন। বাংলাদেশের স্বাধীনতার উৎসবে অংশ নিতে রাষ্ট্রপতির বিশেষ আমন্ত্রণে ঢাকা এসেছেন তিনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়ায় ভুটানের রাজাকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের মুক্তিযুদ্ধে সর্বপ্রথম দেশ হিসাবে ভুটান আমাদের স্বীকৃতি দিয়েছে। ভুটানের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।" মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের এবং যে সব নারী তাদের সর্বস্ব হারিয়েছেন তাদের স্মরণ করেন প্রধানমন্ত্রী। শিশু-কিশোরদের উদ্দেশে হাসিনা বলেন, "প্রতিটি শিশুকে লেখাপড়া শিখতে হবে। উপযুক্ত নাগরিক হিসাবে নিজেদের গড়ে তুলতে হবে। সকল সংকীর্ণতার ওপর উঠতে হবে।" প্রধানমন্ত্রী আরো বলেন, "আমরা শিশুদের অধিকার রক্ষা করতে চাই। আমরা চাই দেশের প্রতিটি শিশুর জীবন সুন্দরভাবে গড়ে উঠুক।" হাসিনা ও জিগমে খেসার ওয়াংচুক ৪১টি প্রতিষ্ঠানের শিশু-কিশোরদের সালাম ও অভিবাদন গ্রহণ করেন। পরে তারা কুচকাওয়াজ পর্যবেক্ষণ করেন। স্টেডিয়ামের উত্তর প্রান্তের গ্যালারিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, সাত বীর শ্রেষ্ঠের বিশাল প্রতিকৃতি স্থাপন করা হয়। এছাড়াও গ্যালারিতে ডিসপ্লের মাধ্যমে বঙ্গবন্ধুর ছবি এবং শেখ হাসিনার ছবি তৈরি করা হয়। কুচকাওয়াজ শেষে শিল্পী সাবিনা ইয়াসমিন 'জয় বাংলা, বাংলার জয়' গানটি পরিবেশন করেন। সকাল ৯টার দিকে শেখ হাসিনা ও জিগমে খেসার পায়রা ও বেলুন উড়িয়ে জাতীয় শিশু-কিশোর সমাবেশ উদ্বোধন করেন। এসময় স্টেডিয়ামে স্থাপিত বড় পর্দায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ভেসে ওঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমআই/১৫০৪ ঘ.