২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যামামলার আসামি রাবি ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী নাসরুল্লাহ নাসিম হত্যামামলার আসামি সরকার সমর্থক ওই সংগঠনেরই কর্মী খালিদ হাসান নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 05:19 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী নাসরুল্লাহ নাসিম হত্যামামলার আসামি সরকার সমর্থক ওই সংগঠনেরই কর্মী খালিদ হাসান নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশের বিনোদপুর এলাকা থেকে মতিহার থানা পুলিশ নয়নকে (২৩) গ্রেপ্তার করে। নয়নের বিরুদ্ধে আরো দুটি মামলা ও একাধিক অভিযোগ রয়েছে বলে মতিহার থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম জানিয়েছেন। নয়ন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২২৭ নম্বর কক্ষে থাকেন। নয়নকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় তিনি কনস্টেবল মো. শাহজাহানকে ছুরিকাঘাতের চেষ্টা করেন বলে পুলিশ জানায়। রবিউল সাংবাদিকদের বলেন, এ ঘটনায় তার (নয়ন) বিরুদ্ধে আরো একটি মামলার প্রস্তুতি চলছে। মতিহার থানার সহকারী উপপরিদর্শক আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নয়ন ছাত্রলীগকর্মী নাসিম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গত বছরের ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম হলের ইফতারের টোকেন বিতরণ নিয়ে ছাত্রলীগের এক পক্ষের কর্মীরা নাসিমকে দোতলা থেকে ফেলে দেয়। আট দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। গত ৮ ফেব্র"য়ারি রাবি ছাত্রদলকর্মী আহসানুজ্জামান অলিন ছুরিকাহত হয়। নয়ন এ মামলারও আসামি। এছাড়া গত বছরের ১১ জুলাই ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় দায়ের করা মামলায়ও নয়নের নাম রয়েছে। এদিকে নয়নকে গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্রলীগের একদল কর্মী রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। তারা নয়নের মুক্তি দাবি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১৭ ঘ.