২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপ্রার্থীদের প্রতি মনোযোগ দিতে আইনমন্ত্রীর আহ্বান

বিচারপ্রার্থীদের কথা বিবেচনায় রেখে কাজ করলে বিচার বিভাগ নিয়ে কেউ টিআইবি'র মতো প্রতিবেদন দিতে 'সাহস' করবে না বলে মনে করেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 10:38 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারপ্রার্থীদের কথা বিবেচনায় রেখে কাজ করলে বিচার বিভাগ নিয়ে কেউ টিআইবি'র মতো প্রতিবেদন দিতে 'সাহস' করবে না বলে মনে করেন আইনমন্ত্রী শফিক আহমেদ। গত বছর ২৩ ডিসেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত এক জরিপে বলা হয়, সেবা খাতের মধ্যে বিচার বিভাগেই দুর্নীতি বেশি হয়। এর মধ্যে ঘুষ লেনদেন বেশি হয় উচ্চ আদালতে। শনিবার সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত ১০২তম জুডিসিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেইনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, "বিচারকরা বিচারপ্রার্থী জনগণের চাহিদার কথা বিবেচনায় রাখলে ভবিষ্যতে আর কেউ এ ধরনের প্রতিবেদন দিতে সাহস করবে না।" তবে বিচার বিভাগ সম্পর্কে টিআইবির প্রতিবেদনে অন্যদের দায় বিচারকদের ওপর চাপানো হয়েছে বলে মনে করেন শফিক। তিনি বলেন, "কোর্টের কর্মচারীরা ইচ্ছা করলে বিচারপ্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করতে পারে বা কার্য তালিকায় মামলা সামনে-পেছনে আনতে পারে।" তিনি বিচার বিভাগ সম্পর্কে টিআইবির প্রতিবেদনকে 'বিভ্রান্তিকর ও অগ্রহণযোগ্য' বলে অভিহিত করেন। গত ২০ জানুয়ারি পাঁচ বিচারকের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের কমিটি টিআইবি'র জরিপ সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত মূল্যায়ন করে জানায়, টিআইবির তথ্যের ওপর নির্ভর করে বিচার বিভাগে সম্পৃক্ত কাউকে ঘুষ বা হয়রানির সঙ্গে জড়িত বলে সনাক্ত করা সম্ভব হয়নি। আইনমন্ত্রী বলেন, "বিচারকদের সততা এবং কাজের প্রতি একনিষ্ঠতা মামলাজট কমিয়ে আনতে পারে। সাক্ষী না আসায় ফৌজদারি অনেক মামলা ২০-২৫ বছরের জন্য ঝুলে যায়।" যথাসময়ে সাক্ষীদের উপস্থিত না হওয়াকে মামলার দীর্ঘসূত্রতার অন্যতম কারণ হিসাবে উল্লেখ করে শফিক জানান, তাদের নিরাপত্তায় সরকার আইন করতে যাচ্ছে। "সংসদের চলতি অধিবেশনে সাক্ষী ও ভিক্টিম সুরক্ষা আইন উপস্থাপন করা হতে পারে," বলেন তিনি। এছাড়া বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্যও একটি বিল সংসদের চলতি অধিবেশনে উপস্থাপনের সম্ভাবনা রয়েছে বলে জানান মন্ত্রী। অনুষ্ঠান শেষে শফিক সাংবাদিকদের বলেন, "অর্থঋণ আদালতে বিকল্প বিরোধ নিষ্পত্তি আইন কার্যকর হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তিতে দেওয়ানি ও ফৌজদারি আইনের সংশোধনী সংসদের চলতি অধিবেশনে নিয়ে যেতে পারবো বলে আশা করছি।" এ ছাড়াও মামলায় দীর্ঘসূত্রতা দূর করতে নোটিশ জারি, জবাব দেওয়া, শুনানি, রায় ইত্যাদির জন্য সময় নির্ধারণ করে দেওয়া হবে বলেও জানান তিনি। ছয় দিনব্যাপী এ প্রশিক্ষণে ২৫ জন জেলা বিচারক অংশ নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এলএন/জেবি/এমআই/১৬৩০ ঘ.