২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা ছাড়া নির্বাচন নয়: খালেদা

দলীয় সরকারের অধীনে এবং ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে কোনো নির্বাচন বিএনপি মানবে না জানিয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমেই আগামী নির্বাচন হতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 08:19 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

যশোর, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় সরকারের অধীনে এবং ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে কোনো নির্বাচন বিএনপি মানবে না জানিয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমেই আগামী নির্বাচন হতে হবে।

সরকার পতনের আন্দোলন ‘বেগবান করতে’ খুলনা রোডমার্চের দ্বিতীয় দিনে যশোর ঈদগাহ মাঠে এক পথসভায় তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপার্সন বলেন, “এখন তারা দুই ফন্দি করেছে, সেনাবাহিনী ছাড়া নির্বাচন ও ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ। আমরা বলে দিতে চাই- সেনা বাহিনী ছাড়া কোনো নির্বাচন হবে। আগামী নির্বাচন সেনা বাহিনীর মাধ্যমেই হতে হবে। আর ইভিএম হচ্ছে- ভোট কারচুপির মেশিন। এটা আমরা মানি না।”

এ দেশে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন খালেদা।

সেনা মোতায়েন না করায় গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মাত্র ৭ ঘণ্টা আগে ভোট বর্জনের ঘোষণা দেয় বিএনপি।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনেও ইভিএম ব্যবহার এবং সেনা মোতায়েন না করার সিদ্ধান্ত নেওয়ায় স্থানীয় বিএনপি এরইমধ্যে নির্বাচন বর্জনের কথা বলেছে। আগামী ৫ জানুয়ারি কুমিল্লায় ভোট গ্রহণের তারিখ দিয়েছে নির্বাচন কমিশন।

রোডমার্চের দ্বিতীয় দিন

শনিবার সকালে ঢাকা থেকে রোডমার্চ শুরু করে পাবনার দাশুরিয়ায় পথসভা এবং সন্ধ্যায় কুষ্টিয়ায় জনসভা করেন খালেদা জিয়া। সেখান থেকে ঝিনাইদহে একটি পথসভা করে রাতে তিনি যাশোরে পৌঁছান।

যশোর সার্কিট হাউজ থেকে বেলা সাড়ে ১১টায় শহরে ঈদগাহ ময়দানে পথসভাস্থলে আসেন বিএনপি চেয়ারপার্সন। এ সময় কয়েক হাজার নেতা-কর্মী-সমর্থক করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। দলের চেয়ারপার্সনকে ফুল দিয়ে স্বাগত জানান স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।

পথসভা শেষ করে বেলা পৌনে ১টায় খুলনা অভিমুখে দ্বিতীয় দিনের রোড মার্চ শুরু করেন খালেদা জিয়া। পথে বাগেরহাটে হযরত খান জাহান আলীর (র.) মাজার জিয়ারত করে বিকেলে যাবেন খুলনায়। সেখানে সার্কিট হাউজ মাঠে জনসভার মধ্য দিয়ে শেষ হবে খালেদা জিয়ার তৃতীয় রোডমার্চ কর্মসূচি।

দ্রব্যমূল্য কমানোর প্রতিশ্র“তি

যশোর ঈদগাহ মাঠে এক পথসভায় বিরোধী দলের নেতা তার বক্তব্যে সরকারের ব্যর্থতা, অপশাসন, টিপাইমুখ বাঁধ, নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলেন।

বরাক নদীর টিপাইমুখে ভারতের বাঁধ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, “এ বাঁধ আমাদের জন্য মহাবিপদ। এই বাঁধ নির্মাণ হলে আমাদের দেশের ক্ষতি হবে। এটা করতে দেওয়া হবে না। এজন্য আমি দুই দেশের মধ্যে যৌথ জরিপের কথা ভারতের প্রধানমন্ত্রীকে বলেছি।”

ক্ষমতায় গেলে দ্রব্যমূল্য কমানোকে অগ্রাধিকার দেবেন বলে জানান খালেদা। পাশাপাশি তিনি পদ্মা সেতু নির্মাণ, বিদ্যুৎ সমস্যার সমাধান করারও প্রতিশ্র“তি দেন।

বিএনপি চেয়ারপার্সন বলেন, “দেশের মানুষ যাতে তিন বেলা খেতে পারে- সেজন্য আমাদের প্রথম কাজ হবে দ্রব্যমূল্য কমানোর ব্যবস্থা নেওয়া। তাছাড়া বিদ্যুৎ সমস্যার সমাধানও করব। আমরা ক্ষমতায় গেলে দুটি পদ্মাসেতু নির্মাণ করবো।”

দলীয় লোকজনকে ভাড়াভিক্তিক বিদ্যুৎ প্রকল্প দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ১২ হাজার কোটি টাকা ভতুর্কি দিয়েছে- এমন দাবি করে খালেদা বলেন, “এজন্যই জনগণের কাছ থেকে অর্থ আদায় করতে বিদ্যুতের দাম বার বার বাড়ানো হচ্ছে।

জেলার ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে পথসভায় দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, মির্জা আববাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমেদ, জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য আবদুল্লাহ মোহাম্মদ তাহের, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইসহাক, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি মহাসচিব শামীম আল মামুন, জেলা সাধারণ সস্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু, পৌর মেয়র মারুফ উল ইসলাম, কাজী মনিরুল ইসলাম, স্থানীয় জামায়াত নেতা আবদুর রশীদ প্রমুখ বক্তব্য রাখেন।

যশোরের পথ সভার পর খুলনা যাওয়ার পথে পরাজারহাট, রূপদিয়া বাজার, বসুন্দিয়া, প্রেমবাগ, চেগুটিয়া, নওয়াপাড়া, ফুলতলা, দৌলতপুরে সড়কের দুই পাশে হাজারো কর্মী-সমর্থক ফুল ছিটিয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জেকে/১৫১৯ ঘ.