পাবনা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার দেশের স্বার্থে কাজ করছে না দাবি করে ‘দেশপ্রেমিক’ আওয়ামী লীগ নেতাদের বিএনপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।
খুলনা অভিমুখে রোড মার্চের প্রথম দিন শনিবার দুপুরে পাবনায় এক পথসভায় তিনি বলেন, “এ দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে কেবল বিএনপি। আওয়ামী লীগ দেশকে কিছু দিতে পারবে না। আওয়ামী লীগে যারা দেশপ্রেমিক আছেন, তারা দল ছেড়ে চলে আসুন। সম্মানজনক পদ দেওয়া হবে।”
জাতীয় নির্বাচনের দুই বছর আগে বিএনপি চেয়ারপারসন আওয়ামী লীগ নেতাদের প্রতি এ আহ্বান জানালেন। তবে বর্তমান নির্বাচনী আইন অনুযায়ী, সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হতে হলে ওই রাজনৈতিক দলের ন্যূনতম তিন বছরের সদস্যপদ থাকতে হবে।
ঈশ্বরদীর দাশুরিয়া চৌরাস্তা মোড়ের ওই পথসভায় ৪০ মিনিটের বক্তব্যে সরকারের ‘ব্যর্থতা’র সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা, টিপাইমুখ প্রকল্প নিয়েও কথা বলেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে জনমত গঠনের লক্ষ্যে সকালে ঢাকা থেকে খুলনা পথে যাত্রা শুরু করে খালেদার গাড়িবহর। বেলা ৩টায় দাশুরিয়ায় প্রথম পথসভা হয়।
পথসভাস্থল থেকে দুই কিলোমিটার দূরে পাবনা পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মিন্টুর নেতৃত্বে কয়েকশ নেতা-কর্মী লালনশাহ সেতুর কাছে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে খালেদার গাড়িবহরকে শুভেচ্ছা জানায়।
‘টিপাইমুখ বাঁধ ক্ষতিকর হলে আন্দোলন’
ভারতের মনিপুর রাজ্যে টিপাইমুখ বাঁধ নির্মাণের আগে যৌথ জরিপের দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, “এই বাঁধ ক্ষতিকর হলে অবশ্যই তা বন্ধ করতে হবে। নইলে জনগণ আন্দোলন করবে।”
যৌথ সমীক্ষার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার কথা তুলে ধরে খালেদা বলেন, “জরিপে যদি বোঝা যায়, প্রকল্পটি ক্ষতিকর নয়, তাহলে দুই দেশের মধ্যে আলোচনা হবে।”
তবে তিনি একই সভায় বলেন, “এই বাঁধ হলে মেঘনা-কুশিয়ারা নদী শুকিয়ে যাবে। এই অঞ্চলে হাওর-বাঁওড় ও জীববৈচিত্র্য শেষ হয়ে যাবে। ভূমিকম্প হলে এই অঞ্চলটি ধুয়ে-মুছে যাবে। আমরা বিশেষজ্ঞ নই, তাই যৌথ জরিপ করার কথা ভারতের প্রধানমন্ত্রীকে বলেছি।”
‘
সরকার ব্যর্থ’
তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়ার বিষয়টি ধরে বিরোধীদলীয় নেতা বলেন, কূটনৈতিক ক্ষেত্রে সরকার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
“তারা বলেছিলো, তিস্তার পানি নিয়ে আসবে। কিন্তু তারা পানি আনতে পারেনি। সরকার ভারতের স্বার্থ রক্ষা করছে। ট্রানজিট-করিডোর, মংলা বন্দর দিয়ে দিয়েছে। গোপন চুক্তির মাধ্যমে ভারতের করদ রাজ্যে পরিণত করা সব ব্যবস্থা তারা করেছে,” বলেন তিনি।
দেশের অর্থনীতির চালচিত্র তুলে ধরে খালেদা বলেন, “প্রতিদিন ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা দেশ পরিচালনা করছে। ব্যাংকগুলো দেউলিয়ার পথে। বিএনপির রেখে আসা বৈদেশিক মুদ্রার মজুদ তারা শূন্যের কোঠায় এনে দাঁড় করিয়েছে।”
অব্যবস্থাপনার জন্য সড়ক-মহাসড়ক বেহাল হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি।
খালেদা বলেন, “সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। তাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে।”
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অর্থ হারানোর পেছনে ক্ষমতাসীন দলের যোগসাজশ রয়েছে বলে দাবি করেন তিনি।
খালেদা বলেন, “গরিবের টাকা লুট তারা বিদেশে পাচার করেছে। তদন্তে নিজেদের দলের বড় বড় লোকজন জড়িত থাকার প্রমাণ পাওয়ায় অর্থমন্ত্রী সেই তালিকা প্রকাশ করতে সাহস পাচ্ছেন না। এখন সেই বড় বড় লোককেই পুঁজিবাজার নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে। শুঁটকির বাজারে বেড়াল পাহারাদারের মতো অবস্থা।”
বিদ্যুতের দাম বাড়ানোর সমালোচনাও করেন বিরোধীদলীয় নেতা।
অলির ওপর হামলার নিন্দা
লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমদের ওপর হামলার প্রসঙ্গ টেনে খালেদা জিয়া বলেন, “কর্নেল অলি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তার ওপর হামলা করা হয়েছে। কাদের সিদ্দিকীকে ইদানীং রাজকার বলা হচ্ছে। আওয়ামী লীগ এখন মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাচ্ছে। আর তাদের দলের রাজাকারদের মুক্তিযোদ্ধা বানানো হচ্ছে।”
রোড মার্চে খালেদার সঙ্গে চারদলীয় জোটভুক্ত দলগুলোর নেতাদের পাশাপাশি এলডিপি সভাপতি অলি আহমদসহ সমমনা কয়েকটি দলের নেতাও রয়েছেন।
আওয়ামী লীগের যেসব নেতারা এখন ‘বড়’ ‘বড় ’ কথা বলছেন তাদের ওপর নজর রাখতে হবে, বলেন তিনি।
‘
দৌলতদিয়ায় আরেকটি পদ্মা সেতু’
খালেদা জিয়া বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে মাওয়া ছাড়াও দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে পদ্মা নদীর ওপর দ্বিতীয় পদ্মা সেতু হবে।
মাওয়া পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন স্থগিত করায় জটিলতা দেখা দিয়েছে। তবে দৌলতদিয়ায় আরেকটি সেতু সরকারি-বেসরকারি অংশীদারিত্বে করার উদ্যোগ ইতোমধ্যে নিয়েছে মহাজোট সরকার।
আগামীতে ক্ষমতায় গেলে কর্মসংস্থান, জনশক্তি রপ্তানি, ব্যবসা-বাণিজ্যের প্রসার, বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধানের আশ্বাস দেন বিএনপি চেয়ারপারসন।
কৃষকের উৎপাদন মূল্য নিশ্চিত করতে সরকারকে সরকারি সংগ্রহ অভিযানে ধান ও পাটের মূল্য পুনর্র্নিধারণের দাবিও জানান খালেদা।
‘সরকারের মাথা খারাপ’
টিপাইমুখ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিরোধী নেতা বলেন, “রোড মার্চে গণজোয়ার দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। এখন তারা আবোল-তাবোল বলছে। পাবনার পাশে হেমায়েতপুর স্থানটি ঠিক করে রাখা প্রয়োজন।”
সরকারবিরোধী আন্দোলনে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, এ সরকারকে হটিয়ে দেশ ও মানুষকে বাঁচাতে হবে।”
দাশুরিয়ার পথসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফজলুর রহমান পটল, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, আমানউল্লাহ আমান, মাহবুবউদ্দিন খোকন, ইলিয়াস আলী, হাবিবুর রহমান হাবিব, জামায়াত নেতা আবদুস সুবহান, হামিদুর রহমান আযাদ, পাবনা জেলা বিএনপির সভাপতি কে এস মাহমুদ। সমাবেশ পরিচালনা করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
দাসুরিয়া আসার পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু মোড়, তাড়াশ, নাটোরের বনপাড়া, ঈশ্বরদীর মুলাটুলিবাজারসহ নানা স্থানে নেতা-কর্মী-সমর্থকরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে খালেদার গাড়িবহরকে অভিনন্দন জানায়।
পাবনার পর বিকালে কুষ্টিয়া ডিগ্রি কলেজ মাঠে জনসভা করেন খালেদা। ঝিনাইদহে একটি পথসভা করে রাতে যশোরে যাত্রাবিরতি করবেন তিনি।
রোববার সকালে যশোর শহরে ঈদগাহ মাঠে পথসভা করে বিকালে খুলনা সার্কিট হাউজ মাঠে জনসভায় বক্তব্য দেবেন খালেদা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮৪৫ ঘ.
bdnews24