২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালাবার সুযোগ দেওয়া হবে না: খালেদা

সরকার হটানোর আন্দোলনে দেশবাসীকে রাজপথে নামার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেছেন, তারা পালাতে চাইবে, তবে সে সুযোগ দেওয়া হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 03:42 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

কুষ্টিয়া, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার হটানোর আন্দোলনে দেশবাসীকে রাজপথে নামার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেছেন, তারা পালাতে চাইবে, তবে সে সুযোগ দেওয়া হবে না।

খুলনা অভিমুখে রোড মার্চে শনিবার সন্ধ্যায় কুষ্টিয়ায় জনসভায় একথা বলেন তিনি। সকালে ঢাকা থেকে রওনা হওয়ার পর কুষ্টিয়ার আগে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়ায় পথসভা করেন বিএনপি চেয়ারপারসন।

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে জনমত গঠনের লক্ষ্যে বিরোধীদলীয় নেতা খালেদার এই রোড মার্চ রোববার খুলনায় জনসভার মধ্য দিয়ে শেষ হবে।

খুলনার আগে সিলেট ও চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রোড মার্চ করেছিলেন খালেদা। এছাড়া জনসভা করেন ময়মনসিংহে।

কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জনসভায় বিএনপি চেয়ারপারসন বলেন, “এই সরকার বিদায় না হলে লুটপাট করে দেশকে ফোকলা করে বিদেশে চলে যাবে। তাদের বাড়ি-ঘর, সম্পদ সব কিছুই বিদেশে। দেশকে তারা দেউলিয়া করে দেবে। দেশবিরোধী এই সরকারকে পালাতে দেওয়া হবে না।”

বিজয় দিবস ও রোড মার্চ কর্মসূচি শেষ হলে সরকার পতনে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি দেওয়ায় ঘোষণা দিয়ে তিনি তাতে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানান।

কৃষকদের কাছ থেকে ধান-চাল কেনার মূল্য পুনর্নির্ধারণের দাবি জানিয়ে বিরোধী নেতা বলেন, “কৃষকরা তাদের উৎপাদিত ধান-চালের দাম পাচ্ছেন না। সরকারকে বলবো, ধান-চালের ক্রয়মূল্য পুনর্নির্ধারণ করুন। নইলে কৃষকদের নিয়ে আমরা রাস্তায় নামবো। আপনাদের অবরোধ করবো।”

কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ জনসভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও চারদলীয় জোটসহ সমমনা বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন। ২০০৮ সালের নির্বাচনের পর এটাই কুষ্টিয়ায় খালেদার প্রথম জনসভা।

কুষ্টিয়ার এ জনসভায় পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, মেহেরপুর, মাগুরা, ঝিনাইদহসহ পাশপাশের জেলাগুলোতে চারদদলীয় জোটের নেতা-কর্মীরা অংশ নেয়। মাঠ ছাড়িয়ে আশপাশের এলাকাও ভরে ওঠে মানুষে।

পাবনার দাশুরিয়ার পথসভা শেষ করে কয়েক হাজার গাড়ির বহর নিয়ে পাবনা ইপিজেড ডাক বাংলোতে যাত্রাবিরতি করেন খালেদা। সন্ধ্যা ৬টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা কুষ্টিয়ায় পৌঁছলে স্লোগানে স্লোগানে মুখর হয়ে মাঠ।

রোড মার্চের বহরকে শুভেচ্ছা জানিয়ে সিরাজগঞ্জ থেকে কুষ্টিয়া পর্যন্ত সড়কে কয়েকশ তোরণ দেখা যায়। সড়কের দুই পাশে উড়ানো হয় রংবেরংয়ের পতাকা।

কুষ্টিয়ায় পৌনে এক ঘণ্টার বক্তব্যে খালেদা টিপাইমুখ বাঁধ, সংবিধানের পঞ্চদশ সংশোধনী, বিদ্যুৎ খাতসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

খালেদা বলেন, “সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা ’৭৪ সালের দুর্ভিক্ষের দিকে দেশকে নিয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে তরুণ সমাজসহ সব পেশার মানুষকে আন্দোলনে নামতে হবে।”

দলীয় সরকারের অধীনে নির্বাচন করে পুনরায় ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করা হয়েছে বলে দাবি করেন তিনি।

কুমিল্লায় সেনা মোতায়েন না করার সিদ্ধান্তেরও সমালোচনা করেন খালেদা। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন সরকারের ‘ইচ্ছায়’ এ সিদ্ধান্ত নিয়েছে।

ক্ষমতাসীন দলের নেতাদের বিভিন্ন মামলা প্রত্যাহারের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “এক দিকে তাদের ৮ হাজার মামলা তুলে নিয়েছে, অন্যদিকে বিরোধী দলের বিরুদ্ধে একের পর এক মামলা দিচ্ছে। সুুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী রফিক-উল হক বলেছেন, আদালতে রাজনৈতিক ব্যক্তিকে বিচারক নিয়োগ দেওয়ার ফলে বিচারপ্রার্থীরা সুবিচার থেকে বঞ্চিত হচ্ছে।”

বেহাল সড়ক-মহাসড়ক তুলে ধরে খালেদা বলেন, “পাবনার দাশুরিয়া থেকে কুষ্টিয়া আসতে রাস্তার কী অবস্থা আমি দেখেছি। অথচ এরপর বহাল তবিয়তে আছেন যোগাযোগমন্ত্রী।”

ভারতকে ট্রানজিট দেওয়ার সমালোচনা করেন তিনি। বর্তমান সরকার নতজানু পররাষ্ট্র নীতি অনুসরণ করছে দাবি করেন তিনি।

খালেদা জিয়া বলেন, “আওয়ামী লীগ নয়, বিএনপিই মুক্তিযুদ্ধের দল। কারণ একাত্তরের যুদ্ধের সময় আওয়ামী লীগের নেতারা সীমান্তের ওপারে হোটেলে ছিলেন, রণাঙ্গনে ছিলেন জিয়া। আমাদের দল বিএনপিতে মুক্তিযোদ্ধারা আছেন। দেশপ্রেম ও দেশরক্ষার দায়িত্ব বিএনপিরই রয়েছে।”

খালেদার এ জনসভায় জামায়াতের ভারপ্রাপ্ত নায়েবে আমির মাওলানা আবদুস সুবহানও বক্তব্য রাখেন। বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমানউল্লাহ আমান, মশিউর রহমান, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন এলডিপি সভাপতি অলি আহমদ, খেলাফত মজলিশের চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২১৩৫ ঘ.