২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার চিঠির জবাব দিয়েছেন মনমোহন

টিপাইমুখে বাঁধ নির্মাণ নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের একটি চিঠি পৌঁছেছে খালেদা জিয়ার হাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 08:39 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরাক নদীর টিপাইমুখে বাঁধ নির্মাণের আগে যৌথ জরিপের দাবি জানিয়ে খালেদা জিয়া দিল্লিতে যে চিঠি পাঠিয়েছিলেন, ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং তার জবাব দিয়েছেন। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান শনিবার দুপুরে সাংবাদিকদের বলেন, “ভারতীয় প্রধানমন্ত্রীর চিঠি শনিবার হাইকমিশন থেকে বিরোধী দলীয় নেতার কাছে পৌঁছানো হয়েছে। তবে তিনি খুলনা অভিমুখে রোডমার্চে থাকায় এখনো সেটি খোলেননি।” বিরোধী দলীয় নেতা দুই দিনের কর্মসূচি শেষে ঢাকা ফিরে আসার পর এ বিষয়ে দলীয় ফোরামে আলাপ করে চিঠির বিষয়বস্তু ও দলের প্রতিক্রিয়া জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। বরাক নদীর ওপরে টিপাইমুখে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য গত ১৮ অক্টোবর কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে বিনিয়োগ চুক্তি করে মণিপুর রাজ্য সরকার। তবে বিষয়টি গণমাধ্যমে আসে গত শুক্রবার। চুক্তির খবর প্রকাশের পর বাংলাদেশে এ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পরিবেশ বিশেষজ্ঞরা আগে থেকেই বলে আসছেন, টিপাইমুখে বিদ্যুৎ প্রকল্প হলে বাংলাদেশের ওপর এর বিরূপ প্রভাব পড়বে। এই পরিপ্রেক্ষিতে বাঁধ নির্মাণের কাজ বন্ধ করে যৌথ জরিপের অনুরোধ জানিয়ে গত ২২ নভেম্বর ভারতীয় প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠান খালেদা জিয়া। ২৩ নভেম্বর ওই চিঠির বিষয়টি সাংবাদিকদের জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিরোধী দলীয় নেতা তার চিঠিতে লিখেছেন, আমরা মনে করি, টিপাইমুখ বাঁধ নির্মাণে যৌথ জরিপ হওয়া প্রয়োজন। দুই দেশের মধ্যে আলোচনা করে এ বিষয়ে সমাধান পৌঁছাতে হবে। এখনো সময় আছে, টিপাইমুখ বাঁধ নির্মাণের আগে যৌথ জরিপ করুন।” মারুফ কামাল জানান, ২৪ নভেম্বর মানমোহন সিং ওই চিঠির জবাব পাঠালে ভারতীয় হাই কমিশন শনিবার সেটি হস্তান্তর করে। বাঁধ নির্মাণ নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হওয়ায় এক বিবৃতিতে ভারতের অবস্থান ব্যাখ্যা করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, বাঁধ নির্মাণ করে ১৫০০ মেগাওয়াটের টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য বরাক নদীর পানি প্রত্যাহার করা হবে না। ফলে বাংলাদেশের ওপর কোনো বিরূপ প্রভাবও পড়বে না। নয়া দিল্লির বক্তব্য পাওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অভিন্ন নদীর ওপর কিছু করতে হলে তা আগেই ভাটির দেশ হিসেবে বাংলাদেশের জানার অধিকার রয়েছে। নয়া দিল্লির এ ধরনের পদক্ষেপে ভুল বোঝাবুঝির অবকাশ থেকে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪৩৪ ঘ.