পাবনা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ বাঁধ নির্মাণের আগে যৌথ জরিপের ওপর জোর দিয়ে খালেদা জিয়া বলেছেন, এ প্রকল্প ক্ষতিকর হলে তার বিরুদ্ধে আন্দোলন হবে।
বরাক নদীর ওপরে টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে ভারতের মনিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির খবর গত ১৮ নভেম্বর প্রকাশ হওয়ার পর এ প্রকল্প বন্ধের দাবি জানিয়ে আসছে বিএনপি। সিলেট জেলা বিএনপি এ দাবিতে হরতালও ডেকেছে।
ভারতের প্রধানমন্ত্রীর ফিরতি চিঠি পাওয়ার পর শনিবার পাবনার দাশুরিয়ায় রোড মার্চের পথসভায় খালেদা বললেন, “আমরা বিশেষজ্ঞ নই, তাই যৌথ জরিপ করার কথা ভারতের প্রধানমন্ত্রীকে বলেছি।”
টিপাইমুখে বাঁধ নির্মাণের আগে যৌথ জরিপ চেয়ে বিরোধীদলীয় নেতা গত ২১ নভেম্বর মনমোহন সিংকে চিঠি পাঠিয়েছিলেন। তার জবাবে ভারতের প্রধানমন্ত্রী কী বলেছেন, তা অবশ্য শনিবার প্রকাশ করেনি বিএনপি।
পাবনায় পথসভায় বিএনপি চেয়ারপারসন বলেন, “জরিপে যদি বোঝা যায়, প্রকল্পটি ক্ষতিকর নয়, তাহলে দুই দেশের মধ্যে আলোচনা হবে। এই বাঁধ ক্ষতিকর হলে অবশ্যই তা বন্ধ করতে হবে। নইলে জনগণ আন্দোলন করবে।”
তবে খালেদা একইসঙ্গে বলেন, “এই বাঁধ হলে মেঘনা-কুশিয়ারা নদী শুকিয়ে যাবে। এই (সিলেট) অঞ্চলে হাওর-বাঁওড় ও জীববৈচিত্র্য শেষ হয়ে যাবে। ভূমিকম্প হলে এই অঞ্চলটি ধুয়ে-মুছে যাবে।”
বক্তব্যে এর পরক্ষণেই বিএনপি চেয়ারপারসন বলেন, তিনি বিশেষজ্ঞ নন বলে আগে যৌথ জরিপ চেয়েছেন।
মনমোহনকে পাঠানো খালেদার চিঠিতে বলা হয়েছিলো, “এই বাঁধ নির্মাণ হলে কেবল ভারত নয়, বাংলাদেশের মেঘনার অববাহিকার তিন কোটি মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে।”
টিপাইমুখ বাঁধের বিষয়ে সরকারের পদক্ষেপও যথাযথ নয় বলে মনে করেন খালেদা। এ নিয়ে গত কয়েকদিন ধরে সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্যও আসছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৩ নভেম্বর সংসদে বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে টিপাইমুখ প্রকল্প নিয়ে আপত্তি জানায়নি। তখনকার পানিসম্পদমন্ত্রী বাঁধ নির্মাণের পক্ষেই মত দিয়েছিলেন নয়াদিল্লিকে।
তবে এর বিরোধিতা করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পাবনার পথসভায় বলেন, তিনি এ প্রকল্পে আপত্তি জানিয়ে ভারতকে তিনটি চিঠি পাঠিয়েছিলেন।
খালেদার সরকারের পানিসম্পদমন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ শুক্রবার সাংবাদিকদের বলেন, “টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রকল্প নিয়ে আওয়ামী লীগ সরকার কখনো ভারতের কাছে আপত্তি কিংবা ওই প্রকল্প বন্ধের উদ্যোগ নেয়নি।”
তিনি পাল্টা অভিযোগ করেন, ১৯৭২ সালে যৌথ নদী কমিশনের বৈঠকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রতিনিধি টিপাইমুখ প্রকল্পকে উপকারী অভিহিত করে তা দ্রুত বাস্তবায়নের সুপারিশ করেছিলেন।
টিপাইমুখ প্রকল্পের অগ্রগতির খবর প্রকাশ হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে নয়া দিল্লিতে চিঠি পাঠায়। গত মঙ্গলবার তার জবাবে দিল্লি বলেছে, টিপাইমুখে বাঁধ হলেও পানি প্রত্যাহার হবে না। ফলে বাংলাদেশ এতে ক্ষতিগ্রস্ত হবে না।
টিপাইমুখ বাঁধ নির্মাণের তোড়জোড়ের শুরু থেকেই বাংলাদেশের বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছিলো। পরিবেশবাদীরা বলছেন, বরাক নদীর ওপর এ প্রকল্পের বিরূপ প্রভাব পড়বে সিলেট তথা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে।
বরাক নদীই বাংলাদেশে ঢুকে সুরমা ও কুশিয়ারা নামে দুটি স্রোতধারায় বিভক্ত হয়। এ দুটি আবার এক হয়ে মেঘনা নদী নামে চাঁদপুরে পদ্মার সঙ্গে মিলিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯৫০ ঘ.
bdnews24